ধারাবাহিক তৈরি করছেন মীর সাব্বির
বরগুনার এক প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা চরিত্র মকবুল। মানুষের ভিড়ের মধ্যে সে নিজেকে মিশিয়ে দিতে চায়। দেখতে চায় মানুষের মুখ। চলার পথে মকবুলরূপী কিছু মানুষের সঙ্গে তার দেখা হয়। নামের মিল থেকে ঘটে মনের মিল। মকবুল খুঁজে পায় আরও অনেক মকবুলকে। মকবুল হচ্ছে একটা শক্তি। বাস্তবে মকবুলরা সেই শক্তি কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে কতটা পৌঁছাতে পারে—তা-ই তুলে ধরার চেষ্টা হয়েছে নাটকে। নিজের ধারাবাহিক নাটকের গল্প প্রসঙ্গে এভাবেই জানালেন মীর সাব্বির। নাটকটির নাম মকবুল।অভিনয়শিল্পী মীর সাব্বির এরই মধ্যে নাটক পরিচালনা শুরু করেছেন। তাঁর পরিচালনায় তৈরি তিনটি এক ঘণ্টার নাটক দেখানো হয়েছে টিভিতে। এবার তিনি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন। সাব্বির জানান, তিনি বরগুনার ছেলে। তাই নিজের প্রথম ধারাবাহিকের কাজ করছেন বরগুনাতেই।নিজের প্রথম ধারাবাহিক তৈরি প্রসঙ্গে সাব্বির বললেন, ‘গল্পটা অনেক দিন ধরেই আমার ভাবনায় ছিল। সম্প্রতি আমার বরিশাল বনাম নোয়াখালী নাটকটি খুব জনপ্রিয় হওয়ায় এটিএন বাংলা থেকে আমাকে ধারাবাহিক তৈরির প্রস্তাব দেওয়া হয়। আমিও রাজি হয়েছি। নাটকটির দৈর্ঘ্য কতটুকু হবে, তা এখনই বলতে পারছি না। প্রচার হওয়ার পর নাটকটির ব্যাপারে দর্শকের মনোভাব দেখে তবেই সিদ্ধান্ত নেব।’পরিচালনার পাশাপাশি মীর সাব্বির নিজেও অভিনয় করছেন নাটকে।