ধারাবাহিক নাটকে ফাতেমা-তুজ-জোহরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাম ‘মাতাল হাওয়া’। ১১ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ‘মাতাল হাওয়া’ ফাতেমা-তুজ-জোহরা অভিনীত দ্বিতীয় ধারাবাহিক নাটক। মেহেদী বিন আশরাফের পরিচালনায় এই নাটকে ফাতেমা-তুজ-জোহরার সহশিল্পী ড. ইনামুল হক।আবারও অভিনয় প্রসঙ্গে ফাতেমা-তুজ জোহরা প্রথম আলো ডটকমকে বলেন, ‘“মাতাল হাওয়া” নাটকের পরিচালক যখন আমাকে পাণ্ডুলিপিটা শোনান, তখন বেশ ভালো লাগে। নাটকের গল্পটি গানপাগল মাকে কেন্দ্র করে। গল্পটি ভালো লাগায় কাজটি করতে রাজি হয়েছি।’ফাতেমা-তুজ-জোহরা আরও বলেন, ‘“মাতাল হাওয়া” আমার অভিনয় করা দ্বিতীয় ধারাবাহিক নাটক। প্রথমটির কাজ করেছিলাম অবশ্য আজ থেকে পাঁচ-ছয় বছর আগে। নামও মনে নেই। যত দূর জানি, এখন পর্যন্ত নাটকটি প্রচারিত হয়নি। তবে ৫২ পর্বের “মাতাল হাওয়া” শিরোনামের এ নাটকটি নিয়ে আমি কিন্তু বেশ আশাবাদী।’নাটকের সহশিল্পী ড. ইনামুল হক সম্পর্কে তিনি বলেন, ‘ওনার অভিনয় এমনিতেই আমার অনেক ভালো লাগে। দেখা-সাক্ষাত্ খুব একটা না হলেও আমাদের সম্পর্কটা কিন্তু খুবই আন্তরিক। আশা করছি সহশিল্পী হিসেবে ওনার সঙ্গে আমার এ কাজটি দর্শকদের ভালো লাগবে।’ফাতেমা-তুজ-জোহরা নজরুলসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেও মাঝেমধ্যে অভিনয়ও করেন। তাঁর অভিনীত প্রথম টিভি নাটকের নাম ‘লাগুক দোলা’। ১৯৮৪ সালে বিটিভিতে প্রচারিত হয় নাটকটি। এরপর এ পর্যন্ত প্রায় ১০টি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন বলেও জানান তিনি।নজরুলসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি চ্যানেল আই সেরাকণ্ঠের বাছাই কার্যক্রমের বিচারকের দায়িত্ব পালন করছেন। জানালেন, বাছাইয়ের কাজ শেষে চট্টগ্রাম থেকে কাল মঙ্গলবার ঢাকায় ফিরবেন তিনি।