ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে অপূর্ব-মম

আবারও গানে কণ্ঠ দিলেন অভিনেতা অপূর্ব। ধারাবাহিক নাটকের এই শীর্ষ সংগীতে অপূর্বর সহশিল্পী মম। শিহাব শাহীন পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’-এর শীর্ষ সংগীত এটি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।অভিনয়শিল্পী অপূর্ব অভিনয়ের ফাঁকে এর আগেও বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ফাহমিদা নবী, ঈশিতা ও অপি করিম।গতকাল সোমবার সাজিদ সরকারের মোহাম্মদপুরের স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। ‘তুমি পথ চলায়, তুমি কথা বলায়, এ মনে ফেলেছ ছায়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন আনোয়ার হোসেন।অপূর্ব বলেন, ‘গানের কথা ও সুর অনেক চমত্কার। গানটি গেয়ে আমার অনেক ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’‘ভালোবাসার চতুষ্কোণ’ নাটকে অপূর্ব ও মম জুটি হিসেবে অভিনয় করছেন।এদিকে অপূর্ব ও মমকে দিয়ে ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতটি গাওয়ানোর কারণ হিসেবে পরিচালনা শিহাব শাহীন বলেন, ‘আমার ধারাবাহিক নাটকগুলোর শিরোনাম সংগীত সাধারণত নাটকের শিল্পীদের দিয়েই করিয়ে থাকি। এটিও তার একটি প্রক্রিয়া। সত্যি কথা বলতে, আমি যা প্রত্যাশা করেছি, অপূর্ব ও মম তার চেয়ে অনেক ভালো করেছে।’
নাটকটি রচনা করেছেন শিহাব শাহীন, মেজবাউদ্দিন সুমন ও ইফফাত আরা তন্বী। এনটিভিতে নতুন এই ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে ২৭ মে রাত নয়টা ৪৫ মিনিটে থেকে।
অপূর্ব ও মম ছাড়া ‘ভালোবাসার চতুষ্কোণ’-এ আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, নাঈম, মৌসুমী হামিদ, ফেরদৌসী লীনা প্রমুখ।