ধারাবাহিক হচ্ছে ‘বিল্টু মামা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বিল্টু মামা’। কাইজার চৌধুরীর উপন্যাস অবলম্বনে কিশোর উপযোগী ধারাবাহিকটির নাট্যরূপ ও কাহিনি বিন্যাস করেছেন মাজহারুল হক। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হোসেন খোকন।পরিচালক সূত্রে জানা গেছে, বিল্টু মামা ধারাবাহিকের চরিত্র শখের গোয়েন্দা বিল্টু। রহস্য গল্পের বিখ্যাত লেখকের অনুসারী বিল্টু। কখনো বাইনোকুলার, কখনো ম্যাগনিফাইং কাচ কিংবা ছড়ি হাতে ব্যস্ত। রহস্য অনুসন্ধান করাই তাঁর কাজ। নানামুখী লক্ষ্য হওয়ার কারণে জীবনে বিল্টু মামার কিছুই করা হয়নি। চাকরি করতে গিয়েও বারবার ফিরে আসতে হয়েছে তাঁকে। গোয়েন্দাগিরিই তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান। যেখানেই রহস্যের গন্ধ পান, সেখানেই ছুটে যান। স্বভাবসুলভ কর্মকাণ্ডের মধ্য দিয়ে রহস্যকে আরও ঘনীভূত করে তোলেন। ভালো মানুষকে সন্দেহজনকভাবে পাকড়াও করে, সহজ সূত্রকে জটিল করে ঘটনাচক্রে নিজেই সেই জটিলতার জালে আটকা পড়ে মানুষকে উত্তেজনার চরমে নিতে নিতে হাস্যকরভাবে ঘটনার পরিসমাপ্তি ঘটান। তবে চূড়ান্তভাবে ন্যায়ের পক্ষেই থাকেন তিনি। তাই তাঁকে সবাই পছন্দ করে। রহস্যনির্ভর এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে বিল্টু মামা নাটকটি।বিল্টু মামা ধারাবাহিকের অভিনয়শিল্পীরা হলেন শাহাদাত হোসেন, শশী, ফাইয়াজ, নাবিলা, মুনা, রবিন, অধরা, হিমু, দিবা, নয়ন, আজিজুল হাকিম, সমু চৌধুরী, ড. ইনামুল হক, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, আব্দুল আজিজ, মনি আজিজ, অশোক ব্যাপারী প্রমুখ।