ধারাবাহিকে অভিনয় করলেন মীরাক্কেলের জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক নাটকে অভিনয় করলেন কলকাতার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এর বাংলাদেশি প্রতিযোগী জামিল হোসেন। শরিফ হাসানের রচনায় ও এফ কিউ পিটারের পরিচালনায় ধারাবাহিক নাটকটির নাম ‘ভালোবাসা রংধনু’। নাটকটিতে জামিলের সহশিল্পী সুজানা ও শশী।নাটকে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে জামিল বলেন, ‘নাটকটিতে আমাকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে দেখানো হবে। কিন্তু সে নিজেকে নায়ক ভাবে। তবে চরিত্রটি বেশ মজার। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুজানা ও শশীর সঙ্গে সে প্রেমের সম্পর্ক তৈরি করতে চায়।’জামিল এও বলেন, ‘মীরাক্কেলের শুরু থেকেই ইচ্ছে ছিল দেশে ফিরে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত হওয়ার। ইদানীং ভালো কিছু নাটকের প্রস্তাব পাচ্ছি। ভেবেচিন্তে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি।’‘ভালোবাসার রংধনু’ ধারাবাহিক নাটক ছাড়াও জামিল এরই মধ্যে সামনের ঈদের জন্য ‘হলুদ বাতির ঘর’ নামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন অভিনেত্রী মৌসুমীকে। এদিকে এরই মধ্যে জামিল বড় পর্দায়ও নাম লিখিয়েছেন। পি এ কাজলের পরিচালনায় ছবিটির নাম ‘ভালোবাসা আজকাল’। জানালেন, সামনে ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসা আজকাল’ ছবিটির প্রধান অভিনয়শিল্পীরা হলেন শাকিব খান ও নবাগত মাহী।