ধারাবাহিকে জুটি হলেন বাঁধন-নিশো
এবারই প্রথম একটি ধারাবাহিক নাটকে জুটি হয়ে অভিনয় করলেন বাঁধন ও নিশো। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনা ও গোলাম রাব্বানীর রচনায় নাটকটির নাম ‘তবুও জীবন’। এ ধারাবাহিকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তাঁরা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির প্রথম ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে। আগামী মাস থেকে নাটকটি এনটিভিতে প্রচারের কথা রয়েছে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘মেয়ের কারণে আমি নাটকে খুব একটা কাজ করছি না। “তবুও জীবন” নাটকের গল্পটা ভালো লাগায় কাজটি করছি। নাটকটি নিয়ে আমার আশাবাদও অনেক বেশি।’নিশো বলেন, ‘বাঁধনের সঙ্গে এর আগে আমি একটি খণ্ডনাটকের কাজ করেছি। এবারই প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করছি। “তবুও জীবন” ধারাবাহিকের গল্পটা বলতে গেলে আমাদের ঘিরে। গল্পটাও আমার অনেক পছন্দের। তাই এখানে অভিনয় করে ভালো লাগছে।’ “তবুও জীবন” ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তানভীন সুইটি, মামুনুর রশীদ, জ্যোতিকা জ্যোতি, মিশু সাব্বির প্রমুখ।