ধারাবাহিকে জুটি হলেন মোশাররফ দম্পতি
একক নাটকের পর এবারে একটি ধারাবাহিক নাটকে জুটি হয়ে অভিনয় করলেন অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই। নাটকটির নাম ‘দুই টাকার বাহাদুরি’।শামীম জামানের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করছেন আল হাজেন। সম্প্রতি পুবাইলে নাটকটির বেশ কয়েকটি পর্বের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলেই জানিয়েছেন মোশাররফ করিম।এ প্রসঙ্গে জুঁই করিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘এর আগে দু-একটি ধারাবাহিকে মোশাররফ ও আমি অভিনয় করেছি। তবে আমরা জুটি হইনি। “দুই টাকার বাহাদুরি” নাটকটিতে আমরা জুটি হয়ে অভিনয় করেছি। শুটিংয়ের অভিজ্ঞতাও চমত্কার।’নাটক প্রসঙ্গে জুঁই করিম বলেন, ‘খুবই মজার গল্প। দেখা যাবে, এক গ্রামে চোর ও ডাকাতের দুটি দল বসবাস করে। এক দল আরেক দলকে সহ্য করতে পারে না। চোরের দলে থাকেন মোশাররফ করিম আর আমি ডাকাত দলের অংশে। তবে ডাকাত দলের নেতৃত্বে থাকেন শামীম জামান। এর মধ্যে ডাকাত ও চোরের দলের সদস্যরা একই গ্রামের দুই পাড়ার মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সে হিসেবে মোশাররফ করিমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এতে চোর ও ডাকাত দলের শত্রুতা আরও বেড়ে যায়। গ্রামের ডাকাতরা আরও বেশি খেপে যায় মোশাররফ করিমের প্রতি। তৈরি হয় নতুন সংঘাত। এভাবে “দুই টাকার বাহাদুরি” গল্পটি এগোতে থাকে।’মোশাররফ করিম বলেন, ‘জুঁই এখন নিয়মিত অভিনয় করছে। নানা ব্যস্ততার কারণে একসঙ্গে অভিনয় করা হয় না। “দুই টাকার বাহাদুরি” নাটকে একসঙ্গে অভিনয় করে ভালোই লেগেছে।’জানা গেছে, ‘দুই টাকার বাহাদুরি’ নাটকটি বাংলাভিশনের জন্য নির্মিত হচ্ছে। মোশাররফ করিম ও জুঁই ছাড়াও এ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন: বন্যা মির্জা, লুত্ফর রহমান জর্জ, আলভী, আরফান, শামীম জামান, অহনা, আ খ ম হাসান প্রমুখ।মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই ‘গেইট’ নামের একটি খণ্ড নাটকে প্রথম জুটি হয়ে অভিনয় করেন।