ধারাবাহিকে মীরাক্কেলের চার তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খণ্ড নাটকের পর এবার একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মীরাক্কেলের ‘আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এর বাংলাদেশের চার তারকা। আবু হেনা রনি, ইশতিয়াক নাসির, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল—মীরাক্কেলের এই চার তারকার ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন পরিচালক ইশতিয়াক রুমেল। এ মাসের শেষ দিকে কুয়াকাটায় পাঁচ পর্বের এই ধারাবাহিকের শুটিং শুরু হবে।প্রথম আলো ডটকমকে ইশতিয়াক রুমেল বলেন, ‘দুই পরিবারের কুয়াকাটা ভ্রমণ নিয়ে নাটকের গল্প; আর গল্পের কারণেই এই চারজনকে নেওয়া। তা ছাড়া মীরাক্কেলের এই চার তারকা ভালো অভিনয়ও করেন।’ আবার একসঙ্গে নাটকে অভিনয় প্রসঙ্গে জামিল বলেন, ‘ঈদুল আজহার সময় “চতুষ্কোণ” নাটকে আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছি। এবারের নাটকের গল্পটিও ভালো লেগেছে। নিয়মিতই ভালো মানের নাটকে অভিনয় করতে চাই।’ইশতিয়াক নাসির বলেন, ‘নাম ঠিক না হওয়া এ নাটকে আমাকে একজন পর্যটকের ভূমিকায় দেখা যাবে। এটি আমাদের চারজনের একসঙ্গে দ্বিতীয় নাটক। প্রথম নাটকে কিছুটা ভুলভ্রান্তি ছিল। আশা করছি, এ নাটকে সে ভুলগুলো আমরা কমিয়ে আনতে পারব। অভিনয়ের নতুন কিছু অভিজ্ঞতাও হবে। তা ছাড়া মীরাক্কেলের চারজন একসঙ্গে কাজ করতে যাচ্ছি ভেবেও ভালো লাগছে।’ইশতিয়াক রোমেল পরিচালিত এ নাটকে আবু হেনা রনিকে হোটেলের কর্মকর্তা, জামিলকে পরিবারের নতুন জামাই এবং সজলকে একজন ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে। রনি, ইশতিয়াক, জামিল ও সজল ছাড়া এ নাটকে আরও অভিনয় করবেন ভাবনা ও লাক্স তারকা ঊর্মিলা।