ধারাবাহিকে ১৯৭১

মুক্তিযুদ্ধের সময়কে তুলে ধরতে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক ‘১৯৭১ সেইসব দিনগুলো’।চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন অভিনেত্রী ও নির্মাতা হূদি হক।নাটকটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।শিগগির এর প্রচার শুরু হচ্ছে চ্যানেল আইতে।
এ প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘মুক্তিযুদ্ধ দেখেনি এমন বাঙালি জন্মেনি—এমন বিশ্বাস আমার। আমার সুযোগ হয়েছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি কথা বলার। তাঁদের ছোঁয়ার আকাঙ্ক্ষা থেকেই এমন চিন্তা। চেষ্টা করেছি সেইসব দিনগুলোকে তুলে আনতে।’
‘১৯৭১ সেইসব দিনগুলো’ নাটকের পর্ব সংখ্যা ৩০। নাটকটির প্রচার শুরু হচ্ছে ২৮ আগস্ট। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭.৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় নাটকটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
আজ রোববার সকালে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয় চ্যানেল আই কার্যালয়ে। উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নাটকটির পরিচালক হূদি হক।
উদ্বোধনী প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন আতাউর রহমান, খ. ম. হারুন, লাকী ইনাম, ইনামুল হক, কায়েস চৌধুরী, রেজানুর রহমান প্রমুখ।