ধারাবাহিকের পর চলচ্চিত্র
হাউসফুল ধারাবাহিকের অন্যতম নির্মাতা ইফতেখার আহমেদ। বন্ধু এবং দর্শকদের কাছে তাঁর পরিচয় ফাহমি। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ভাই বেরাদর’ হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এবার ফাহমি নিজেই তৈরি করতে যাচ্ছেন চলচ্চিত্র টু বি কন্টিনিউড। জানালেন, ছবিটি তৈরি হবে ডিজিটাল কারিগরি প্রযুক্তিতে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে ছবির শুটিং শুরু হবে।এরই মধ্যে ছবির প্রধান চরিত্রের শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। এঁদের মধ্যে আছেন রাইসুল ইসলাম, সাবেরী আলম, সুমন পাটোয়ারি, আ খ ম হাসান, এজাজুল ইসলাম। তবে নায়িকা এখনো চূড়ান্ত হয়নি।ছবিটি তৈরি হচ্ছে ১৯৯৯ সালের প্রেক্ষাপটে। তখনো দেশে মুঠোফোনের অবাধ ব্যবহার শুরু হয়নি। এক প্রতিষ্ঠানে চাকরির জন্য সাক্ষাত্কার দিতে গিয়ে অফিসের অভ্যর্থনাকারী মেয়েটিকে খুব পছন্দ হয় ছেলেটির। মেয়েটিকে সরাসরি তার পছন্দের কথা জানায়। মেয়েটি তাকে নিজের বাসার টেলিফোন নম্বর দেয়। কিন্তু ছেলেটি আর ফোন করে না। তিন মাস পর রাস্তায় হঠাত্ দেখা হয় তাদের। তারা এক দোকানে কফি খায়। কথা হয়, তিন দিন পর আবার দেখা হবে। কিন্তু ছেলেটি আর আসে না। মাস ছয়েক পর রাস্তার ধারে ছেলেটিকে পাওয়া যায়। তখন সে পুরোপুরি অস্বাভাবিক। শুরু হয় অন্য এক গল্প।পরিচালক ইফতেখার আহমেদ জানিয়েছেন, ছবির শুটিং শুরুর সব রকমের প্রস্তুতি প্রায় শেষ। এখন গান রেকর্ডিংয়ের কাজ চলছে।