ধারাবাহিকের শিমু
বাড়ির ছোট মেয়ে। তাই অন্যদের চেয়ে আদর-আহ্লাদ বরাবরই একটু বেশি। পরিবারের সবচেয়ে পুঁচকি সেই মেয়েটি চিকিৎসক-প্রকৌশলী হবে কিংবা নিদেনপক্ষে বিসিএস দিয়ে সরকারি চাকরি করবে—একসময় তাঁর মা-বাবার প্রত্যাশা ছিল এমনই। বাবা এম আতিয়ার রহমানকে খুশি করতে শেষমেশ বিসিএসের লিখিত পরীক্ষায় বসেছিলেন মেয়েটি। পরীক্ষার খাতায় শুধু নিজের নামধাম লিখে বেরিয়ে এসেছিলেন। এরপর সেই বিসিএস পরীক্ষার্থী মেয়েটি দিনে দিনে হয়ে উঠলেন অভিনয়শিল্পী!তখন বাড়ির সবাই কীভাবে নিলেন বিষয়টি—আমাদের এই কথার বিপরীতে কেবল এক টুকরো হাসি সুমাইয়া শিমুর মুখে। তাঁর অমলিন হাসিই বলে দিচ্ছে পরিবারের সহযোগিতার ফলেই তিনি এই পর্যায়ে পৌঁছেছেন। ১৩ বছরের অভিনয়জীবনে মানুষ তাঁকে চিনেছে নানা পরিচয়ে—শেওলা ধারাবাহিকের রেমি থেকে শুরু করে স্বপ্নচূড়ার ‘ইয়া হাবিবি’ সংলাপ দেওয়া অপর্ণা। কখনো তিনি ললিতার ললিতা কিংবা এফএনএফ-এর ববি। আর এখন সবাই তাঁকে চেনেন রেডিও চকলেট ধারাবাহিকের নুসরাত হিসেবে। রেদোয়ান রনির পরিচালনায় দেশ টিভিতে প্রচারিত এই নাটক এখন দারুণ জনপ্রিয়! তবে মজার ব্যাপার হলো, বরাবরই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হচ্ছেন তিনি। রহস্য কী?গত সোমবার বিকেলে সুমাইয়া শিমুর বনানীর বাসায় বসে কথাবার্তার শুরুতে প্রসঙ্গটি পাড়তেই তাঁর মুখে সলজ্জ হাসি। তারপর ভেদ করলেন রহস্য, ‘ধারাবাহিকে অভিনয় করলে দীর্ঘদিন একটি চরিত্রের মধ্যে থাকতে হয়। চরিত্র নিয়ে ভাবার সুযোগও এখানে বেশি। অনেক দিন একটি চরিত্র দেখতে দেখতে দর্শকও তাকে আপন করে নেন।’এটুকু বলে শিমু যখন থেমেছেন, মনে হলো, প্রসঙ্গটির বুঝি ইতি টানলেন তিনি। কিন্তু বলতে শুরু করলেন আবারও, ‘এফএনএফ নাটকে সবাই আমাকে ববি নামের তোতলা মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এই তোতলামির বিষয় কিন্তু স্ক্রিপ্টে পরে যোগ হয়েছে। এফএনএফ-এর প্রথম লটের শুটিংয়ে পরিচালক রেদোয়ান রনি আমাকে বললেন, “সংলাপ দেওয়ার সময় আপনি একটু তোতলাবেন।” পরিচালকের তাৎক্ষণিক এই চাওয়ায় আমি তো পড়লাম বিপদে। আগে তো কখনো তোতলাইনি! পরে অবশ্য অনেক কষ্টে আয়ত্ত করেছি। মাঝেমধ্যে এমনও হয়েছে, তোতলানোর চিন্তায় সংলাপই ভুলে গেছি! আমি সব সময় নানা ধরনের চরিত্রে বারবার বদলাতে চেয়েছি নিজেকে। তাই বোধ হয় দর্শক আমাকে গ্রহণ করেছেন।’কথায় কথায় উঠে আসছে নানা প্রসঙ্গ—কখনো তিনি ললিতার কথা বলছেন, কখনো বা হাউজফুল ধারাবাহিকের সেই ঘরের মেয়েটির গল্প। এর মধ্যে স্বপ্নচূড়া নাটকের মজার চরিত্র অপর্ণা কেন জানি বারবারই ঢুঁ মারছে। বললেন, ‘এই নাটকই আমার অভিনয়জীবনের বড়সড় টার্নিং পয়েন্ট। আগে স্নিগ্ধ ও রোমান্টিক একটা ইমেজ ছিল আমার। অপর্ণার মাধ্যমে সেটি ভাঙতে পেরেছি। এ জন্য কী যে কষ্ট করতে হয়েছে।’পরিবারের ছোট মেয়েটির কণ্ঠে এবার সেসব কষ্টের আঁচ। তা ডিঙিয়ে রেডিও চকলেট-এর কথা আসতেই শিমু আবার হেসে কুটিকুটি, ‘কী বলব! এই নাটকে তো হুট করে অভিনয় করেছি। রনিরা এসে চেপে ধরল, না করতে পারলাম না। আসলে এই টিমের সঙ্গে অনেক নাটকে কাজ করার ফলে সম্পর্কটা পারিবারিক হয়ে গেছে। বোঝাপড়াটাও ভালো। পরে দেখি, এখানেও সবাই পছন্দ করেছেন আমাকে। একটি রেডিও স্টেশনে ঘটতে থাকা নানা রকম মজার ঘটনা নিয়ে এর গল্প। আমি এখানে বার্তাপ্রধানের চরিত্রে অভিনয় করছি।’এখন সোফার ওপর এলিয়ে বসেছেন শিমু। আজ রেডিও চকলেট-এর শুটিং ছিল। হঠাৎ করেই সেটি স্থগিত হয়েছে। তাই ছুটির আমেজ ঝলমল করছে তাঁর চোখেমুখে। বললাম, কলকাতার ধারাবাহিকগুলো আমাদের দেশে বেশ জনপ্রিয়। কী বলবেন এ নিয়ে?প্রশ্নটি করতেও পারিনি। এর মধ্যে উত্তর হাজির, ‘আমাদের সঙ্গে ওদের তুলনাটা যদি করি, ওরা এগিয়ে থাকে স্ক্রিপ্টে। আমাদের এখানে একটা ধারাবাহিকের শুরুতে স্ক্রিপ্ট যতটা গোছালো ও সুন্দর থাকে, পরে অধিকাংশ ক্ষেত্রে তা আর থাকে না। তা ছাড়া ওদের বাজেট বেশি। আমাদের কম বাজেটে অনেক কম্প্রোমাইজ করে কাজ করতে হয়।’—সুমাইয়া শিমুর এই স্পষ্ট জবাবের পর তাঁর বসার ঘরে কিছুক্ষণের নীরবতা। নীরবতা কি কথা-আড্ডা শেষের ইঙ্গিত?