ধারাবাহিকের শীর্ষ সংগীতে তাহসান
অ্যালবামের বাইরেও বিভিন্ন নাটক ও টেলিছবিতে তাহসানের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। এবারে প্রথমবারের মত কোনো ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীত গাইলেন তাহসান। ‘কখনো কখনো চলার পথে, থেমে যায় জীবনের গতি/ জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তিরই প্রতিচ্ছবি’ শিরোনামের এই গানটি ‘ট্রাফিক সিগন্যাল’ নামের ধারাবাহিক নাটকে ব্যবহূত হবে। গানটির কথা লিখেছেন রাজীব মনি দাস। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজনও করেছেন তাহসান। আর গানটির সুর করেছেন জাদু। তাহসানের বাংলামোটরে অবস্থিত স্টুডিও ‘কৃত্যদাসের আবাস’ এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে তাহসান বলেন, ‘এর আগে আমি বেশ কয়েকটি এক ঘণ্টার নাটক ও টেলিছবির শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছি। তবে ধারাবাহিক নাটকের জন্য এই প্রথম গান করলাম। গানটির কথাটা বেশ ভাল লেগেছে। আমার মনে হয় ‘ট্র্যাফিক সিগনাল’ নাটকের শীর্ষ সংগীতটি সবার ভালো লাগবে।’ অন্যান্য ব্যস্ততা সম্পর্কে তাহসান বলেন, ‘সবাই নিশ্চয় জানেন ‘তাহসান অ্যান্ড সুফিজ’ নামে আমাদের একটি ব্যান্ড রয়েছে। তাই এখন ব্যান্ডটির জন্য নতুন কিছু গান তৈরির পেছনে সময় দিতে হচ্ছে। এদিকে তাহসানের স্ত্রী মিথিলার প্রথম একক গানের অ্যালবাম ‘তাহসান ফিচারিং মিথিলা’ অ্যালবামের কাজটিও শেষ হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে তাহসান অনেকটা আক্ষেপ করে বলেন, ‘অডিও ইন্ড্রাস্ট্র্রির অবস্থা যদি ভালো না হয় তাহলে আপাতত এটি কেন, কোনো অ্যালবাম প্রকাশ না করারই সিদ্ধান্ত নিয়েছি। এটাকে এক ধরনের প্রতিবাদ বলতে পারেন।’জানা গেছে, তাহসানের গাওয়া ট্রাফিক সিগন্যাল ধারাবাহিকের এই শীর্ষ সংগীতটি খুব শিগগিরই রেডিওতে শুনতে পাবেন শ্রোতারা। এদিকে গত সোমবার থেকে উত্তরায় ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। আতিকুর রহমানের পরিচালনায় ১০৪ পর্বের ধারাবাহিক নাটক ট্রাফিক সিগন্যাল এর অভিনয়শিল্পীরা হলেন- কচি খন্দকার, চিত্রলেখা গুহ, সিদ্দিকুর রহমান, ফারুক আহমেদ, নাফিজা, জেনি, আমিরুল হক চৌধুরী, আ.খ.ম. হাসান, শিরিন আলম, শতাব্দী ওয়াদুদ, মিমো, সোহান প্রমুখ।