ধারাবাহিকের শীর্ষসংগীতে শফিক তুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে বিভিন্ন নাটকের শীর্ষসংগীতের কথা লিখেছেন শফিক তুহিন। এবার শুধু কথা নয়, একটি ধারাবাহিক নাটকের শীর্ষসংগীতের কথা লেখার পাশাপাশি সুর, সংগীত ও কণ্ঠ দেওয়ার কাজটিও করেছেন শফিক তুহিন। হিমু আকরামের পরিচালিত এই ধারাবাহিক নাটকের নাম ‘পঞ্চপ্রেমিক’। ‘প্রেমের এই সংবিধানে, জানি না বুঝি না/ মন দেওয়া নেওয়াতে, কোনটা যে ঠিক, আর কোনটা বেঠিক/ পঞ্চপ্রেমিক’ শিরোনামের এ গানের রেকর্ডিং সম্প্রতি শেষ হয়েছে।শফিক তুহিন বলেন, ‘অসংখ্য নাটকের গানের কথা লিখেছি। কিন্তু কোনো গানেরই পরিপূর্ণ কাজটি করা হয়নি। এবারই প্রথম এ ধরনের কাজ করলাম। বলা যায়, কাজটি করে আমি বেশ তৃপ্ত।’শফিক তুহিন আরও বলেন, ‘ধারাবাহিক নাটকের শীর্ষসংগীতের সুবিধাটা হচ্ছে, নাটকটি দীর্ঘদিন ধরে প্রচারিত হয়। এতে করে গানটিও অনেক বেশি শ্রোতার কাছে পৌঁছায়। আর গানটি যখন বেশিসংখ্যক শ্রোতা শোনে, তখন আনন্দটাও অনেক বেশি হয়।’ এদিকে ভালোবাসা দিবস সামনে রেখে নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন শফিক তুহিন। তিনি বলেন, ‘এরই মধ্যে বেশির ভাগ গানের রেকর্ডিং শেষ হয়েছে। আটটি গান দিয়ে সাজানো হবে অ্যালবামটি। বাপ্পা মজুমদার ও মুশফিক লিটুর সংগীতায়োজনে সব কটি গানের কথা ও সুর আমার।’শফিক তুহিনের আগের অ্যালবামগুলো হলো: ‘স্বপ্ন এবং তুমি’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘শফিক তুহিন ডট কম’ ও ‘পাগলামী’। নাটকের শীর্ষসংগীত ও একক অ্যালবামের কাজের পাশাপাশি শফিক তুহিন বেশ কটি চলচ্চিত্রেও কাজ করছেন। এগুলো হলো: শাহীন সুমনের ‘অন্য রকম ভালোবাসা’, মনতাজুর রহমান আকবরের ‘অগ্নি’, জাহাঙ্গীর হোসেন রাজের ‘এর বেশি ভালোবাসা যায় না’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, এবং পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’।