সেদিন হরতাল ছিল। রাস্তাঘাট ফাঁকা। জ্যোতিকা জ্যোতি তাই উত্তরা থেকে বেশ আগেই চলে এলেন। এরপর নানা ভঙ্গিমায় ক্যামেরার সামনে দাঁড়ানো। অবশেষে ১৭ জুলাই বিকেলে প্রথম আলো কার্যালয়ে তাঁর সঙ্গে যখন আমাদের কথাবার্তা শুরু হলো, এক বিন্দুও ক্লান্তি নেই চোখে-মুখে। এইমাত্র যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পোজ দিয়েছেন, বোঝাই যাচ্ছে না। প্রথমেই বললেন, ‘হরতালে রাস্তাঘাট ফাঁকা থাকে। দ্রুত বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তা বলে আমরা যারা সাধারণ মানুষ, তারা হরতাল চাই না। কারণ, হরতালে দেশের ক্ষতি হয়।’জ্যোতিকা জ্যোতির কথাগুলো যেন রাজনীতিবিদের মতো শোনাচ্ছে—তাঁকে কথাটি বলতেই আবার কথা ফুটল তাঁর মুখে। বললেন, ‘একসময় আমি কিন্তু রাজনীতিবিদ হতে চেয়েছিলাম। আমার দাদু মনোরঞ্জন পালের ছিল অনেক বড় পাঠাগার। সেখানে বরেণ্য মনীষীদের জীবনীগ্রন্থ ছিল। ওগুলো পড়তে পড়তে রাজনীতির প্রতি আগ্রহ জন্মেছিল—এসব বাচ্চা বয়সের কথা।’এ জীবনে অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল তাঁর। কথায় কথায় যেহেতু যুক্তি দিতে পটু ছিলেন, তাই কখনো ভেবেছেন সাংবাদিকতা করবেন, আবার কখনো মনে হয়েছে, আইনজীবী হলে মন্দ হয় না—‘ইয়োর অনার’, ‘মাই লর্ড’ বলে মাতিয়ে রাখতে পারবেন আদালতকক্ষ!কিন্তু কন্যা রাশির জাতক জ্যোতিকা জ্যোতির নৌকা শেষমেশ ভিড়ল অভিনয়ের ঝলমলে ঘাটে। সেই যে ২০০৫ সালে সারাহ্ বেগম কবরীর আয়না চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের জগতে ডেব্যু হলো তাঁর, এর পরের গল্প ক্রিজে টিকে থাকার—ওয়ানডে নয়, যেন তিনি টেস্ট ম্যাচের খেলোয়াড়। এ কথার সূত্রে তিনি বললেন, ‘অনেকের ক্ষেত্রে যেমন ঘটেছে, একটি বিজ্ঞাপন, নাটক বা সিনেমা করার পর সবাই চিনে গেছে তাঁকে। আমার ক্ষেত্রে এমনটা হয়নি। আমি কাজ করেছি এবং কাজের মাধ্যমে ধীরে ধীরে এগিয়েছি।’না, এতে কোনো আফসোস নেই জ্যোতির। ‘সব সময় আমি ধীরে চলার পক্ষপাতী’—তাঁর এ কথা আমাদের মনে করিয়ে দেয় তাঁর কয়েকটি নাটকের নাম। একটি ঝড়াক্রান্ত শেফালিগাছ নাটকের শেফালি, আলেয়ার ফুল-এর রুমা কিংবা জাদুর শহর-এর মুনিয়া নামের সেই সদাচঞ্চল মেয়েটি—এসব কিছু পেরিয়েই তো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত তানভীর মোকাম্মেলের নতুন চলচ্চিত্র জীবনঢুলী-এর সন্ধ্যা রানী তিনি। বেশ বোঝা যায়, অভিনয়ের রাস্তায় কতই না ধীরে বয়ে যাওয়া মেঘনা এই জ্যোতিকা জ্যোতি। বললেন, ‘আমি সব সময় চেয়েছি নিজেকে প্রমাণ করতে। তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে প্রথমে আমি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলাম। এরপর আমার অভিনয়ে মুগ্ধ হয়ে তানভীর ভাই আমাকে সন্ধ্যা রানী চরিত্রের জন্য নির্বাচন করেন।’কথায় কথায় যখন জীবনঢুলীর প্রসঙ্গ এলই, তখন এই ছবিটি সম্পর্কেও জেনে নেওয়া যাক দু-চার কথা। ‘মুক্তিযুদ্ধের বাস্তবতায় নিম্নবর্গের হিন্দু পরিবারের গল্প নিয়ে গড়ে উঠেছে ছবিটি। এখানে আমি জীবনকৃষ্ণ নামে এক ঢুলির বউ। এ ছবিতে কাজ করার আগে প্রচুর হোমওয়ার্ক করেছি আমি। তা ছাড়া বিভিন্ন বই ও পত্রপত্রিকা পড়ে আগেই তো জেনেছিলাম, মুক্তিযুদ্ধকালে হিন্দু পরিবারগুলোর অবস্থা কেমন ছিল। সে সময় সারাক্ষণই আমার মাথায় ঘুরত সন্ধ্যা। আমরা ছবিটির শুটিং শেষ করেছি। অচিরেই মুক্তি পাবে ছবিটি।’—এটুকু বলে দম নিলেন জ্যোতি।এই ফাঁকে আমরা ভাবছি, জীবনঢুলী সম্পর্কে বাকি কথা না হয় ছবি মুক্তির পরেই শুনব। জ্যোতিকা জ্যোতিকে তাই জিজ্ঞেস করলাম তাঁর সাম্প্রতিক ব্যস্ততা সম্পর্কে।‘ঈদের নাটক নিয়ে ব্যস্ত আছি এখন। এ ছাড়া ব্যস্ত আছি অগ্নিপথ, তবুও জীবন, চুপিচুপিসহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত বেশ কয়েকটি ধারাবাহিকের কাজে। আজ রাতেও ময়মনসিংহে যাব একটি নাটকের শুটিংয়ে। নিজের ঢোল কি এত পেটানো যায়, বলেন?’কথাটি জ্যোতি এমনভাবে বললেন, ‘যেন তাঁর আর কোনো কথা নেই। এবার নটেগাছটি মোড়ানোর পালা আমাদের। আমরা তখন তাই আড্ডা গোটাতে ব্যস্ত।’ এর মধ্যেই জ্যোতিকা জ্যোতি শেষ কথাটি বললেন, ‘ভালো নাটকে, ভালো চলচ্চিত্রে অভিনয় করব বলেই আমি ধীরে চলতে চাই। অপেক্ষা করতে চাই ভালো কিছুর জন্য।’আমাদের মনে হলো, একজন টেস্ট ক্রিকেটারের কথা শুনছি আমরা।