ধীরে রজনী ধীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এখন ভালো পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। কিন্তু আমি মনে করি, আমি এখনো অভিনয়ের আঁতুড়ঘরে রয়েছি। এই পথে আমাকে হাঁটতে হবে বহুদূর...।’ বলছিলেন এ প্রজন্মের অভিনয়শিল্পী আশ্্না হাবীব, বিনোদন ভুবনে যাঁকে সবাই ‘ভাবনা’ নামে চেনেন। কথায় কথায় এরপর অভিনয় প্রসঙ্গে ভাবনা যোগ করলেন তাঁর আরও কিছু ভাবনা, ‘আমি যেহেতু থিয়েটার থেকে আসিনি, তাই অভিনয় শেখার যুদ্ধে এখনো নতুন আমি।’ ভাবনার কথার পিঠে প্রশ্ন এবার আমাদের, ভালো অভিনয়শিল্পী হওয়ার জন্য থিয়েটার কি তাহলে জরুরি? ‘অবশ্যই। থিয়েটার শুধু সঠিকভাবে বাচনভঙ্গিই শেখায় না, পরিপূর্ণ অভিনয়শিল্পী হতেও সাহায্য করে। থিয়েটারই অভিনয় শেখার প্ল্যাটফর্ম।’ কঠিন কথাটি সহজ করে বললেন ভাবনা।ভাবনার বাবা নাট্যকার হাবীবুল ইসলাম হাবিব। তাই পিতৃভক্ত মেয়ের কথায় বারবারই এল বাবার প্রসঙ্গ, ‘বাবা বলেন, যখন দেখবে কোনো নাট্যকার তোমাকে নিয়ে অন্তত বিশ পাতা হলেও লিখেছে; তখন বুঝবে তুমি অভিনয় শেখা শুরু করেছ মাত্র।’ হ্যাঁ, এর মধ্যে কয়েকজন ভাবনাকে নিয়ে লিখেছেন। গত ঈদে প্রচারিত সালাহউদ্দিন লাভলুর জামাই আদর, অনিমেষ আইচের অসময়, টক শো মাস্টার, নাজনীন চুমকীর একটি রাত অতঃপর শূন্যতা—এসব নাটকে ভাবনার অভিনয় দর্শকদের নতুন করে চিনিয়েছে তাঁকে। ভাবনা বললেন, ‘সময় নিয়ে দেখেশুনে, বুঝে তবেই কাজ করার পক্ষপাতী আমি। গেল ঈদে মাত্র পাঁচটি নাটকে কাজ করেছি। চেষ্টা করেছি ভালো অভিনয় করতে। দর্শকের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছি।’ তাঁর সঙ্গে কথোপকথনের একপর্যায়ে আমরা একটু পেছন ফিরে তাকাই। স্কুলে পড়ার সময়ই অমিতাভ রেজার হাত ধরে প্রথম বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয় ভাবনার। প্রথমে গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল। এরপর রবি, নকিয়া, মোজো...আরও কত কী! ভাবনার মুখের কথাই সরাসরি তুলে দিচ্ছি, ‘২০১২ সাল। এইচএসসি পরীক্ষার পর তিন মাসের অবসর। সেই সময় মাহফুজ আহমেদের ঈদের একটা নাটকে অভিনয়ের ডাক এল—নাম দেহরক্ষী। সহশিল্পীও মাহফুজ আহমেদ। অনেকটা হুট করেই রাজি হয়ে গেলাম। প্রথম অভিনয়। ভীষণ ভয় লাগছিল। কিন্তু পরিচালকের সহযোগিতায় সেই যাত্রায় মুক্তি। নাটকে কৈশোর, যৌবন, বৃদ্ধ—তিন বয়সের তিনটি চরিত্রে অভিনয় করলাম। নাটক প্রচারের পর তো প্রশংসার জোয়ারেই ভেসেছি! ওহ, সেই কথা ভাবলেই ভালো লাগে!’ এরপর একে একে মাহমুদ দিদারের শশাংকের শালুক লতার সার্কাস, অনিমেষ আইচের নয়টার সংবাদ, বারো বারো বারো—তাঁর ঝুলিতে বাড়তে থাকে নাটকের সংখ্যা। তবে নিজের বর্তমান ব্যস্ততার কথা বলার আগে ভাবনার মুখে অনেকটা বিশেষ দ্রষ্টব্যের মতো এক টুকরো কথা, ‘মানসম্মত ভালো নাটকে কাজ করতে চাই বলেই এখন বেছে বেছে কাজ করছি। এই তালিকায় গোপনে, তুমি, অ-এর গল্প, রসলুন বাই—আপাতত আছে এই নাটকগুলো।’ তবে অন্য অভিনয়শিল্পীদের মতো তাঁর স্বপ্নও চলচ্চিত্রের রুপালি পর্দা ঘিরে। নিজেকে তিনি নিয়ে যেতে চান চলচ্চিত্রের ঝলমলে ভুবনে। এ জন্য ছোট পর্দায় বেশ ভালোভাবেই হাত মকশো করে চলেছেন। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করছেন একটু একটু করে। বললেন, ‘ছোট পর্দায় অভিষেকের পর থেকেই বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখি। এ জন্য নিজেকে প্রস্তুত করতে বাফা থেকে চার বছরের নৃত্যের কোর্স শেষ করেছি। আর নিয়মিতই বই পড়া, দেশি-বিদেশি ছবি দেখা—এগুলো তো আছেই। এখন পড়ছি আবুল বাসারের মরুস্বর্গ, বিজয় সেনের আমাদের কথা। আর সম্প্রতি দেখলাম রোমান হলিডে, মাই ফেয়ার লেডি, ইতি মৃণালিনী ও বরফি।’বঙ্কিমের রজনী উপন্যাসের ‘ধীরে রজনী ধীরে’—সংলাপটি যেন মনেপ্রাণে বিশ্বাস করেন ভাবনা। কেননা, আমাদের আড্ডা যখন শেষের পথে, তখনই তাঁর কথাটি—হ্যাঁ, শেষ কথার মতোই শোনাল, ‘চলচ্চিত্রে আমি তাড়াহুড়ো করতে চাই না। চাই না যে আমার প্রথম ছবি দেখে প্রেক্ষাগৃহ থেকে বেরোতে বেরোতে দর্শকেরা বলুক, মেয়েটি অনেক সুন্দর; চাই যে তাঁরা বলুক, মেয়েটির অভিনয় অনেক ভালো। এ জন্য অভিনয়টি আমাকে তো আগে শিখতে হবে।’