ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ নাটকে পার্থ বড়ুয়া ও সামিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নয়েং ভে, নিয়া বেরু তুয়াক কা (হ) পুরুষ বাবতং, আয়ারা কেরো বয়ত গাঁও ন ছারং’—মানে হচ্ছে ‘নিয়া বৌদি তোমাকে কাপুরুষ ভাববে, আমরা কারও ভয়ে গ্রাম ছাড়ব না’ কথাগুলো বলছিলেন বড়ভাই ঋ কে ছোটভাই ণৃ। আর এ ধরনের কথোপকথন দেখা যাবে মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় ‘ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ’ এক ঘণ্টার একটি নাটকে। নাটকটিতে ‘ঋ’ এবং ‘নিয়া’ চরিত্রে যথাক্রমে দেখা যাবে পার্থ বড়ুয়া ও সামিয়াকে। নাটকের গল্প পুরোটাই আবর্তিত হয়েছে উবা নামের একটি কাল্পনিক গোষ্ঠীকে কেন্দ্র করে।নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক উজ্জ্বল বলেন , ‘উবা নেহাতই কল্পনাপ্রসূত একটা সহজিয়া জনগোষ্ঠী। প্রমিত বাংলা ভাষা বা প্রচলিত আদি ভাষা কাহিনির পরাবাস্তবতাকে ব্যাহত করতে পারে—এ আশঙ্কায় প্রচলিত বাংলা ভাষার সঙ্গে কিছু কিছু অপভ্রংশ যোগ করে নাটকটিতে একটা নতুন বাচনভঙ্গি তৈরির চেষ্টা করেছি মাত্র।’মাসুদ হাসান উজ্জ্বলের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ’ নাটকের শুটিং ৩ নভেম্বর বান্দরবানে শুরু হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সামিয়া বলেন, ‘আমি আসলে প্রচণ্ড ভয়ে আছি। সচরাচর আমাদের এখানে যে ধরনের নাটক হয়, তা থেকে এটা পুরোপুরিই আলাদা। নাটকটিতে আমাকে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তা ছাড়া যতটুকু শুনেছি, একদল শূকরের পাল চরানোর কাজও করতে হবে আমাকে। যা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। কারণ জীবনে শূকর তো দূরে থাক, কোনো পশুপাখি পর্যন্ত স্পর্শ করিনি। নাটকটির জন্য আমাকে দুই দিনের প্রস্তুতিও নিতে হচ্ছে।’অন্যদিকে পার্থ বড়ুয়া বলেন,‘ উজ্জ্বলের সঙ্গে এর আগেও আমি কয়েকটি নাটকে কাজ করেছি। কাজের ক্ষেত্রে ওর আলাদা একটা স্টাইল আছে। সেখানে আসলে নিজেকে সমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। এ ছাড়া যতটুকু শুনেছি, নাটকটিতে আমাকে একেবারে ভিন্ন একটি গেটআপে উপস্থাপিত করা হবে।’ উল্লেখ্য, গত ঈদে মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় টেলিছবি ‘যে জীবন ফড়িংয়ের’ বেশ প্রশংসিত হয়েছিল।