‘পস ইস্তে? কালা, সাস এফ হারিস্তো!’ কী, ভড়কে গেলেন? যাওয়ারই কথা। শুরুতেই এমন খটমট ভাষার মুখোমুখি হলে কে না ভড়কে যায়। ভড়কে যাচ্ছেন ফ্রেইদা পিন্টোর পরিচিতজনেরাও। দেখা হলেই গ্রিক ভাষায় কথাবার্তা শুরু করে দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এই হলিউড তারকা! হয়েছে কী, গ্রিক পুরাণের চরিত্র নিয়ে কদিন আগে মুক্তি পেয়েছে ইম্মরটালস। অবিনশ্বর গ্রিক দেব-দেবীদের রক্তমাংসের মানুষের মতো টানাপোড়েন, ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে এগিয়ে যাওয়াই ছবির গল্প। আছে মানুষের সঙ্গে দেবতাদের দ্বান্দ্বিক সম্পর্কও। একে তো গ্রিক পুরাণ, তার ওপর এসব ঘাত-প্রতিঘাতের ব্যাপার-স্যাপার—এটুকু পড়েই ঘাবড়ে যাবেন না। কারণ আদতে ‘মাথার ওপর দিয়ে চলে যাওয়া’ গুরুগম্ভীর কোনো ছবি এটি নয়, বরং অ্যাকশন-অ্যাডভেঞ্চারের রোমাঞ্চে পূর্ণ ত্রিমাত্রিক ছবি।আর তাই তো মুক্তির প্রথম সপ্তাহেই টপচার্টে ইম্মরটালস হটিয়ে দিয়েছে খোদ স্টিভেন স্পিলবার্গের ছবি! শুধু তা-ই নয়, মুক্তির প্রথম দিনই আয় করেছে সাড়ে ছয় কোটি ডলারেরও বেশি। অথচ ছবিটি তখনো বিশ্বের সব জায়গায় মুক্তি পায়নি। প্রভাতের সূর্যেই দিনের পূর্বাভাস। বিশেষজ্ঞরা বলছেন, এ ছবি প্রযোজকের পকেটে পুরে দেবে আনুমানিক ৪০ কোটি ডলার। অথচ ছবি বানাতে খরচ হয়েছে সাড়ে সাত কোটি। হলিউডি অ্যাকশন মুভি বানাতে যা খরচ হয়, তার অর্ধেকেই ভালো কাজ চালিয়ে নিয়েছেন পরিচালক তারসেম সিং।না, কোনো বুজরুকি নেই, বরং ছবির ক্যানভাসে রং চড়াতে একটুও কার্পণ্য করেননি তারসেম। আসলে এখানেই তাঁর জাদু। ভারতীয় বংশোদ্ভূত এ পরিচালকের এটি তৃতীয় ছবি। এর আগে বানিয়েছিলেন দ্য সেল ও দ্য ফল। কোনোটিই নাম বা পয়সা কামাতে পারেনি সেভাবে। তার মানে কিন্তু এমন নয়, তারসেম ব্যর্থ নির্মাতা। নির্মাতা হিসেবে তিনি সফল, তবে সেই সাফল্যের গণ্ডিটা এর আগে ছিল শুধু বিজ্ঞাপনে। এবার রুপালি পর্দায়ও জায়গা করে নিলেন ৫০ বছর বয়সী এই পরিচালক।বলা হচ্ছে, এই ছবি দিয়ে হলিউডে আসন শক্ত হবে পিন্টোরও। ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে ধূমকেতুর মতো আবির্ভাব। ২০১০ সালে কাজ করেছেন উডি অ্যালেনের মতো নামী পরিচালকের সঙ্গেও। কিন্তু তার পরও কেন জানি না ধূমকেতু থেকে ‘তারা’ হয়ে ওঠা হচ্ছিল না। এ বছর অবশ্য পিন্টোর চারটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে গত আগস্টে মুক্তি পাওয়া বৈজ্ঞানিক কল্পকাহিনি রাইজ অব দ্য প্লানেট অব দি এপস ছিল খুবই ব্যবসাসফল। এরপর ইম্মরটালসও যদি পূর্বাভাস অনুযায়ী ডলারের ভারী বর্ষণ ঘটাতে পারে, তাহলে তো কেল্লা ফতে!শুধু একটাই সংশয়, পাছে লোকে এটিকে আর্ট ফিল্ম বা ওই ধরনের কিছু একটা ভেবে মুখ ঘুরিয়ে না নেয়। দর্শকদের অবশ্য আশ্বস্ত করছেন পিন্টো নিজেই, ‘এই ছবিটা মোটেও তেমন কিছু নয়; বরং আপনারা বলতে পারেন, এটি একটি অ্যাকশন ছবি। আবার অ্যাকশন মানেই কিন্তু শুধু মারদাঙ্গা নয়; বরং এতে আছে অনেক মানবিক গল্প। আমি মনে করি, এ ছবির আবেদন আছে বিশ্বব্যাপী। এ ছবির চরিত্রগুলো যেসব ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে যাবে, এর সঙ্গে নিজের গল্পের মিল খুঁজে পাবে পৃথিবীর সব জায়গার মানুষ।’ছয় বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র পরিচালকের ছবি টপচার্টের এক নম্বর জায়গায় উঠে এল। সর্বশেষ ২০০৫ সালে ভারতীয়-মার্কিন পরিচালক জে চন্দ্রশেখরের ডিউকস অব হ্যাজার্ড উঠে এসেছিল শীর্ষে। এত কাহিনি থাকতে পাত্র-পাত্রী হিসেবে গ্রিক দেবতাদের দুয়ারে ধরনা দেওয়া কেন? তারসেম বলেন, ‘যদি আপনি ফ্যান্টাসি ছবি বানাতেই চান, বেছে নিতে চান সুপার হিরোদের, আপনার সামনে দুটো দুয়ার খোলা। মার্ভেলের (ছোটদের কমিকস) হিরোদের বেছে নেওয়া কিংবা এমন কাউকে বেছে নেওয়া, যাদের গল্পের সঙ্গে লতার মতো জড়িয়ে যায় রক্তমাংসের মানুষের গল্প।’ইম্মরটালস-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল, স্টিভেন ডর্ফ, লুক এভান্স, ইসাবেল লুকাস প্রমুখ। রাজীব হাসানহলিউড রিপোর্টার অবলম্বনে