ধূমপান ছাড়তে রিহ্যাবে র্যাডক্লিফ

ধূমপান ছাড়ার শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ। বর্তমানে প্রতিদিন ২০টি সিগারেট লাগে তাঁর। কিন্তু যে করেই হোক ধূমপানের মতো মরণ-নেশা থেকে বের হয়ে আসতে চান ২৪ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা। শেষ চেষ্টা হিসেবে রিহ্যাব বা মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ডেইলিস্টার ডটকম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ধূমপান ছাড়ার জন্য ই-সিগারেট এবং হিপনোথেরাপির আশ্রয় নেন র্যাডক্লিফ। কিন্তু তার পরও ধূমপান ছাড়তে ব্যর্থ হন তিনি। তাই শেষ চেষ্টা হিসেবে মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘরোয়া পরিবেশেই তাঁকে চিকিত্সা দেওয়া হবে। কাউন্সিলিং, চাপমুক্ত থাকার কৌশলসহ হারবাল চিকিত্সাও নেবেন তিনি।
র্যাডক্লিফ খুব ভালো করেই জানেন, তিনি খুব সহজেই মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অতীতে নিজের চেষ্টা ও যথাযথ চিকিত্সার মাধ্যমে অ্যালকোহল-আসক্তি থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছেন তিনি। এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধূমপান-আসক্তি থেকে মুক্ত হওয়া। যে করেই হোক এই যুদ্ধে তিনি জয়ী হতে চান। তাঁর দৃঢ় বিশ্বাস, অ্যালকোহলের মতো ধূমপান-আসক্তি থেকেও আজ না হয় কাল মুক্ত হতে পারবেন তিনি।