ধূমপান ছেড়ে দিন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান ছেড়ে দিন, ফুলের সুবাস নিন। এখন এই প্রচারণাতেই নামতে চাইছেন শাহরুখ খান ও অজয় দেবগন। বলিউডের এই শীর্ষ দুই অভিনেতার মধ্যে অন্যতম মিল হলো, দুজনই দেদার সিগারেট ফোঁকেন। প্রায় সময়ই তাঁদের মুখ থেকে আগ্নেয়গিরির মতো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিন্তু এই বাজে অভ্যাসটি ত্যাগ করার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন দুজনই।

এরই অংশ হিসেবে দুজনে একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আর জনসমক্ষে ধূমপান করবেন না। দুজনেরই ধূমপান করার ছবি এর আগে পত্রিকায় প্রকাশিত হলে বেশ ঝামেলাও পোহাতে হয়েছিল। মুখোমুখি হতে হয়েছিল নানা সমস্যার। শাহরুখ-অজয় দুজনই নিজেদের সহকারীদের নির্দেশ দিয়েছেন, এখন থেকে জনসমক্ষে সিগারেটে অগ্নিসংযোগ করা মাত্রই যেন তাঁদের সতর্ক করে দেওয়া হয়। তবে এতসব হ্যাপা না করে একেবারেই সিগারেট ছেড়ে দিলেই তো হয়!