ধূমপান নয়, চুমপান!
বলা হয়, সিগারেট ছেড়ে দেওয়া খুব সহজ। প্রত্যেক ধূমপায়ীই তাঁর জীবনে অন্তত ১০০ বারের মতো তো সিগারেট ছেড়ে দেন! কৌতুক করেই বলা। কিন্তু বাস্তবতা হচ্ছে, ধূমপানের ধোঁয়ার নেশার অদৃশ্য শেকল থেকে মুক্তি পাওয়াটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় ধূমপায়ীদের জন্য। কঠিন, আবার একদিক দিয়ে সহজও। এ জন্য চাই শুধু সুদৃঢ় প্রতিজ্ঞা। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এটা বলছেন রণবীর কাপুর। এর আগে একাধিকবার সিগারেট ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেও ধরে রাখতে পারেননি এই বলিউড তারকা। চাইলে গোপন করতে পারতেন। তবে রণবীর এ ব্যাপারে সৎ থাকলেন। কেন সিগারেট ছাড়ার প্রতিজ্ঞা ধরে রাখতে পারেননি, সে ব্যাপারে বলিউড তারকা কৌতুক করে বললেন, ‘কারণ সম্ভবত চারিত্রিকভাবে আমি দুর্বল।’ পরক্ষণেই সিরিয়াস হয়ে গেলেন রণবীর, ‘সিগারেট ছাড়ার যে ইচ্ছাশক্তিটা দরকার, সেটা আমার নেই। তবে একদিন নিশ্চয়ই হবে। বারবার ভাবি, সামনের জন্মদিনেই ছেড়ে দেব, সামনের জন্মদিনেই...যাই হোক, শিগগিরই তো বয়স ৪০-৪৫ হয়ে যাবে। ডাক্তাররাই বলবে, তখন তো ছেড়ে দিতেই হবে।’ টিওআই।