ধূমপানবিরোধী চলচ্চিত্রে ধূমপায়ী রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

নিয়মিত ধূমপান করেন বলিউডের হাল আমলের জনপ্রিয় তারকা অভিনেতা রণবীর কাপুর। সেই রণবীরই কিনা এবার মানুষকে ধূমপান থেকে দূরে থাকতে উত্সাহিত করবেন! আর এ কাজটি তিনি করবেন ধূমপানবিরোধী একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বরফি’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরই মধ্যে বলিউডে শক্ত আসন গেড়েছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে রণবীর কাপুর। শাহরুখ, সালমান, আমিরের পর বলিউডের পরবর্তী সুপারস্টার হিসেবে উচ্চারিত হচ্ছে এই জুনিয়র কাপুরের নাম। এবার ধূমপানবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে।
এরই মধ্যে নাম চূড়ান্ত না হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রণবীর। চলচ্চিত্রটিতে ধূমপানের মতো মরণঘাতী বদভ্যাসের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি অধূমপায়ী হওয়ার সুফলও তুলে ধরা হবে এতে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
ক্যানসার রোগীদের কল্যাণে কাজ করেন এমন কয়েকজন মিলে ধূমপানবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সমাজের জন্য কল্যাণকর অনেক কাজের সঙ্গেই নিজেকে জড়িয়েছেন রণবীর। এবার ধূমপানবিরোধী চলচ্চিত্রটির সঙ্গে সম্পৃক্ত হয়ে মানুষকে ধূমপান থেকে দূরে থাকতে উত্সাহিত করার সুযোগ পেয়ে রণবীর বেশ খুশি।
নিঃসন্দেহে এ ধরনের চলচ্চিত্রে রণবীরের অন্তর্ভুক্তি তাঁর অগণিত ভক্তকে ধূমপান ছাড়তে উত্সাহিত করবে। তবে তার আগে ধূমপানের মরণজাল থেকে রণবীরের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। কারণ নিজে ধূমপান করে অন্যকে ধূমপানে নিরুত্সাহিত করলে তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয়ের যথেষ্ট অবকাশ রয়েছে। রণবীরের এই বোধোদয় হয় কি না—সেটাই এখন দেখার বিষয়।