ধূমপানবিরোধী প্রচারণায় সাইফের ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তি প্রতীক্ষিত ‘গো গোয়া গান’ ছবিতে ধূমপানের দৃশ্যে অভিনয় করায় সমালোচনা উঠেছে সাইফ আলী খানকে ঘিরে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনি ধূমপানবিরোধী একটি ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন। প্রেক্ষাগৃহে ‘গো গোয়া গান’ ছবির প্রতিটি প্রদর্শনীর আগে পর্দায় দেখানো হবে এ ভিডিওটি। এতে ধূমপানের সঙ্গে সম্পৃক্ত নানা ধরনের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে।এ প্রসঙ্গে ‘গো গোয়া গান’ ছবির সহ-প্রযোজক দীনেশ বিজনের উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, ছবিটিতে সাইফকে একজন রুশ মাফিয়া চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনেই ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে। ব্যক্তিজীবনে ধূমপান করেন না সাইফ। শুধু তাই নয়, যে কোনো ধরনের তামাক ব্যবহারও তিনি খুবই অপছন্দ করেন। মূলত তাঁর পীড়াপীড়িতেই ধূমপানবিরোধী ভিডিওটি তৈরি করা হয়েছে। এদিকে দিন কয়েক আগে ‘গো গোয়া গান’ ছবির পোস্টার নিয়ে আপত্তি তুলেছিল একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ছবির পোস্টারে সাইফের মুখে চুরুট থাকায় পোস্টারটি প্রত্যাহারের দাবি জানিয়েছিল ন্যাশনাল অরগানাইজেশন ফর টোব্যাকো ইরাডিকেশন নামের প্রতিষ্ঠানটি। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণ ডি কে পরিচালিত ‘গো গোয়া গান’ ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন সাইফ। আগামী ১০ মে ছবিটি মুক্তি পাচ্ছে। বলিউডের দর্শকদের প্রথমবারের মতো জোম্বি-কমেডিধর্মী ছবি দেখার সুযোগ করে দিচ্ছেন সাইফ। ছবিটিতে জম্বি শিকারির চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমার কাহিনিতে জম্বি হলো মৃত মানুষের এক ধরনের কাল্পনিক চরিত্র, যাদেরকে কবর থেকে তুলে বিশেষ উদ্দেশ্যে এবং বিশেষ পদ্ধতির মাধ্যমে জীবিত করে তোলা হয়। পশ্চিমা দেশগুলোতে এই বিষয়কে কেন্দ্র করে নির্মিত অসংখ্য টিভি সিরিজ, চলচ্চিত্র এবং ভিডিও গেমস ব্যাপক জনপ্রিয়তা পেলেও, বলিউডে এ ধরনের প্রথম ছবি ‘গো গোয়া গান’।