ধূমপানের বিরুদ্ধে তুষ্টি

সামাজিক সচেতনতামূলক কাজে প্রায়ই দেখা যায় অভিনয়শিল্পী শামীমা তুষ্টিকে। আজ সকালেও প্ল্যাকার্ড হাতে তাঁকে দেখা গেছে জাতীয় জাদুঘরের সামনে। দাঁড়িয়েছিলেন ধূমপান ও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে।
আজ বৃহস্পতিবার সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ধূমপানসহ যাবতীয় মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে ঢাকা আহছানিয়া মিশন। সেই ডাকে সাড়া দিয়ে তাঁদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন শামীমা তুষ্টি। এ সময় হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘আমি ধূমপান মুক্ত, আপনিও কি?’
ধূমপানের বিরুদ্ধে অবস্থান প্রসঙ্গে তুষ্টি বললেন, ‘আমি নিজে সব সময় সব ধরনের মাদকের বিরুদ্ধে কথা বলেছি। এবার আহছানিয়া মিশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করলাম। ধূমপানসহ সব ধরনের মাদক থেকে তরুণদের দূরে থাকার আহ্বান জানাই।’
এ ছাড়া আগামী ১৯ তারিখের মধ্যে সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে ছবিও দেওয়ার দাবির সঙ্গেও একাত্মতা জানিয়েছেন তুষ্টি। এ ধরনের আন্দোলনগুলোতে সব সময়ই যোগ দিতে আগ্রহী তিনি।