ধূমপানের মাধ্যমে নেশার শুরু হয়: কাজী হায়াৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক ও ধূমপানের ক্ষতিকর বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখছেন কাজী হায়াৎ (মাঝে)।
তামাক ও ধূমপানের ক্ষতিকর বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখছেন কাজী হায়াৎ (মাঝে)।

তামাক ও ধূমপানের ক্ষতিকর বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিলেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা কাজী হায়াৎ ও ছটকু আহমেদ। দেশের ব্যাপক জনগোষ্ঠীকে তামাকের ব্যবহার থেকে নিরুৎসাহিত করতে বিড়ি-সিগারেট-জর্দা-গুলসহ সব রকম তামাকজাত দ্রব্যের মোড়কে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির ছবিসহ সতর্কবাণী প্রচারের দাবি তোলা হয়েছে এই কর্মসূচিতে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এবং মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার যৌথ উদ্যোগে ২৪ ফেব্রুয়ারি বিকেল চারটায় বাংলা একাডেমির সামনে বইমেলায় জনসচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ ও ছটকু আহমেদ।
কাজী হায়াৎ তাঁর বক্তব্যে বলেন, ‘ধূমপানের মাধ্যমে নেশার শুরু হয়। তাই নেশা থেকে দূরে রাখতে হলে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে হবে।’ তিনি কিশোরী ঐশী কর্তৃক মা-বাবাকে হত্যার উদাহরণ টেনে বলেন, ‘তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে নেশা। তাই সব ধরনের নেশা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

ছটকু আহমেদ বলেন, ‘ধূমপান বা তামাক সেবন শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয়, এটা মানসিক, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দিক থেকেও মারাত্মক ক্ষতিকর। তাই বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রচারসহ মানুষের মধ্যে তামাকের বহুমাত্রিক ক্ষতির প্রচারণা বাড়াতে হবে।’
কর্মসূচিতে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের তথ্য অনুযায়ী, ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, যক্ষ্মাসহ তামাকজনিত আটটি রোগে আক্রান্ত হয় বাংলাদেশের ১২ লাখ মানুষ। তাঁদের মধ্যে ৩ লাখ ৮২ হাজার মানুষ অকালপঙ্গুত্ব বরণ করেন এবং ৫৭ হাজার মানুষ সরাসরি মৃত্যুবরণ করেন। ২০০৯ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৪৩.৩ শতাংশ মানুষ তামাক সেবন করেন। সব রকম তামাকজাত দ্রব্যের মোড়কে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির ছবিসহ সতর্কবাণী প্রচারের বিষয়টি খুবই জরুরি। তামাক নিয়ন্ত্রণ আইনেও তা উল্লেখ করা হয়েছে।
এজন্য তামাক নিয়ন্ত্রণ আইনের অধীনে দ্রুত বিধিমালা পাস ও তামাকজাত দ্রব্যের মোড়কে দ্রুত ছবিসহ সতর্কবাণী প্রচারের দাবি তোলা হয় এ কর্মসূচি থেকে। এতে সভাপতিত্ব করেন মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম। সেখানে আরও উপস্থিত ছিলেন সৈয়দা অনন্যা রহমান, মীর আবদুর রাজ্জাক, আনোয়ারুল ইসলাম জুয়েল প্রমুখ। কর্মসূচি চলাকালে বইমেলায় আসা জনসাধারণের মধ্যে তামাক সেবন ও ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।