ধোঁয়া দে রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ ডিসেম্বর। শীতের রাত। ঘড়িতে তখন প্রায় ১১টা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, এফডিসি নামেই পরিচিত। বিশাল ফটক দিয়ে ঢুকলাম। দিনের বেলা যে ফটকের সামনে থাকে উৎসুক মানুষের ভিড়। যদি এক নজর দেখা যায় রুপালি পর্দার কোনো নায়ক বা নায়িকাকে। এফডিসির শুটিং নিয়ে আগ্রহের যেন শেষ নেই। নিজের বেলাতেও বলতে পারি, এখনো ট্রেনে ঢাকা ফেরার সময় তেজগাঁও রেলস্টেশনটা পেরোলে হাতের বাঁ দিকে গুদামঘরের মতো বিশাল দালানগুলোর দিকে একবার তাকাই। শীত সেদিন বেশ জাঁকিয়ে পড়েছে। তবুও ভেতরে ঢুকতে ঢুকতে ইতিউতি যথেষ্ট কর্মব্যস্ততা চোখে পড়ে। ১১ বছর পর এফডিসিতে ঢুকলাম। শেষএসেছিলাম ঝরনা স্পটে মমতা কুলকার্নির সাক্ষাৎকার নিতে। দু-তিনটা বাঁক ঘুরে চলে গেলাম দুই নম্বর ফ্লোরে। এর নাম চিত্রনায়ক মুক্তিযোদ্ধা জসীম ফ্লোর। এখানেই সেট পড়েছিল কে হবে কোটিপতির। ফ্লোরে ঢোকার মুখে‘হোস্টস রুম’ লেখা ছোট ঘর, সে কথাই মনে করিয়ে দেয়।মূল ফ্লোরে ফেলা হয়েছে রেদওয়ান রনির চলচ্চিত্র চোরাবালির সেট। ফ্লোরের একটা অংশে বসার ঘরের সেট ফেলা হয়েছে। শেলফ ভরা বই। বেতের সোফা। রট-আয়রনের ড্রেসিং টেবিল। পর্দাও ঝুলছে। রুচির ছাপ স্পস্ট। ফ্লোরে পরিচালক সোহানুর রহমান সোহানকেও দেখা গেল ঘুরে ঘুরে দেখতে।তখন রাতের খাবারের বিরতি। ইউনিটের সবার খাবার নিয়ে ব্যস্ততা। অনুরোধে খাবার টেবিলে বসতে হলো। বলে রাখা ভালো এফডিসির খাবারের সুনাম সব সময়ের। ছোট মাছ, ডালভর্তা, আলুভর্তা, বেগুনভাজি, ডাল, মুরগি, গরুর মাংস—মেন্যুর যেন শেষ নেই। শুটিংয়ের সময় সবার জন্যই এক খাবার। সে খাবারের স্বাদ—‘গ্যারান্টিযুক্ত’। খেতে খেতেই টুকটাক কথা রনির সঙ্গে। জানালেন, ‘আজই সেট ফেলা হয়েছে। সারা রাত ধরে কাজ চলবে।’ শুটিং হবে শুধু জয়া আহসানের চরিত্রটির। তিনি তখন মেকআপ নিচ্ছিলেন। জানা গেল, চোরাবালির শুটিং প্রায় শেষ। পয়লা বৈশাখ মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের। এ ছবিতে কাজ করেছেন কলকাতার নায়ক ইন্দ্রনীল। কেমন করেছেন তিনি? ‘দারুণ।’ খাবার পর্ব শেষদিকে, ফ্লোরে ঢুকলেন মোস্তফা সরয়ার ফারুকী। রনি দৌড়ে গেলেন তাঁর কাছে। মুহূর্তেই বেশ কিছু ‘ভাই-বেরাদর’ পরিবেষ্টিত হয়ে গেলেন ফারুকী। ঘুরে ঘুরে কাজের ব্যাপারে খোঁজখবর নিতে থাকলেন।জসীম ফ্লোর থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম কড়ইতলার দিকে। দূর থেকেই চোখে পড়ল আলোকিত জায়গা। লাউড স্পিকারে গান-বাজনার আওয়াজও পাওয়া গেল। কাছে গিয়ে দেখি পুরো মচ্ছব। গণিকালয়ের সেট। মদের দোকান, ডিম-পরোটার দোকান। গরম গরম সত্যিকারের ডিম-পরোটা ভাজা হচ্ছে। সেটে ঢুকতেই চিৎকার কানে এল, ‘ওই ডিম-পরোটা আন।’ এই সেটেও আছেন অতিথি। সেটে বসে শুটিং দেখছেন হিল্লোল আর নওশীন। সেটের পাশে একটা সিনেমা হলের সম্মুখভাগ। প্রেক্ষাগৃহের নাম ‘নিরালা’। চট করে যেন চলে গেলাম জামালপুর শহরে। জামালপুরের নিরালা সিনেমা হলের নামডাক ছিল বেশ। এখন তা অতীত। সেটে তখন চলছে নাচের আসর। অনিমেষ আইচের প্রথম চলচ্চিত্র না-মানুষ-এর শুটিং চলছে এই সেটে। শহীদুল জহিরের গল্প অবলম্বনে এ ছবির চিত্রনাট্য। গণিকাবাড়িতে ফুর্তি করতে এসেছে দুই ডাকাত। চতুর্দিকে মানুষ। মাঝখানে ইস্পাতের খুঁটি ঘিরে চলছে নাচ। এটা এই ছবির ‘আইটেম’ নাচ। নাচবেন সিমলা দুই ডাকাতের সঙ্গে। চারপাশের জনতা মানে জুনিয়র আর্টিস্টরা প্রস্তুত উদ্দাম নাচের সঙ্গে তাল মেলাতে। ক্রেনে ক্যামেরা প্রস্তুত। মনিটর দেখে হ্যান্ড মাইকে নির্দেশ দিচ্ছেন পরিচালক অনিমেষ আইচ। ‘ধোঁয়া দে রে ধোঁয়া...’ গান বেজে উঠল। সিমলা নেচে উঠলেন। অনিমেষের নির্দেশ, ‘সিমলা নাচবেন না। মাতলামি করেন।’ গানে যেমন ধোঁয়া আছে, তেমনি সেটেও ধোঁয়া ছাড়া হচ্ছে। একজন বললেন, ‘ধোঁয়া নষ্ট করিস না। ফাইনাল টেকের সময় লাগবে।’ আবার শুরু হলো গান। সিমলা যে গানের সঙ্গে ঠোঁট মেলাবেন পর্দায়, সেটি গেয়েছেন দিনাত জাহান। ‘ধোঁয়া ধোঁয়া’ শিরোনামের এই গানটি লিখেছেন মিঠু চৌধুরী, সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। চিত্রধারণ চলল তিনবার। শেষে সন্তুষ্ট হলেন পরিচালক। এবার হবে ফাইনাল টেক। আলাপচারিতায় জানা গেল সিমলা, মৌমি, দীপাক মান, শহীদুজ্জামান সেলিম, আবুল হায়াত অভিনয় করছেন এ ছবিতে। সিমলার সঙ্গে এই আইটেম গানে নীরবও আছেন। যদিও তখন নীরবের অংশের শুটিং ছিল না। ঘড়ির কাঁটা তখন ১২টা পেরিয়ে গেছে।জমজমাট সেট আলোয় আলোয় ভরা। সেই আলো বেয়ে পড়ছে কুয়াশা। আর নিচ থেকে ছাড়া হচ্ছে ধোঁয়া। শীতের রাতের ঠান্ডা যেন কাবু কর্মচঞ্চল পরিবেশের উষ্ণতার কাছে।  পল্লব মোহাইমেন