মাছরাঙা টিভিতে আজ রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে গানের অনুষ্ঠান তোমায় গান শোনাব। আজকের শিল্পী মিতা হক। কথা হলো তাঁর সঙ্গে।‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তো অনেক সময় পাব—প্রায় দুই ঘণ্টা। গানও গাইতে হবে ২০টি। ভাবছি, রবীন্দ্রসংগীতের ধ্রুপদ আর খেয়াল অঙ্গের গান করব। এর মধ্যে কিছু গান একেবারেই গাওয়া হয় না।এ ধরনের গান গাওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন কেন?আমি কিন্তু একসময় রবীন্দ্রসংগীতের একেবারেই গাওয়া হয় না কিংবা কম শোনা যায়—এ ধরনের গান বেশি গাইতাম। পরে অবশ্য খুব চেনা গান বেশি করেছি। কিন্তু চেনা গানগুলো গাইতে ইচ্ছা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের তো অসংখ্য গান। সেখান থেকে সব ধরনের গান শোনানোর খুব ইচ্ছা হয়।শিগগিরই এ ধরনের আর কোনো অনুষ্ঠানে গান করবেন?২৫ নভেম্বর চ্যানেল আইয়ে গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে গান করব। ওই অনুষ্ঠানে করব সব সকালের গান।আপনার মেয়ে জয়িতার অ্যালবাম বেরিয়েছে গত সপ্তাহে। আপনার কাছে গানগুলো কেমন মনে হয়েছে?খুব ভালো। নিজের মেয়ে বলে বলছি না, আসলেই ভালো হয়েছে। জয়িতা রবীন্দ্রনাথের ভাঙা গান আর টপ্পা অঙ্গের গান বেশি করে। কিন্তু এখানে ও একেবারে অন্য ধরনের গান গেয়েছে। অ্যালবামের নাম বাঁধন ছেঁড়া গান। গানগুলোও সে রকমই। বের করেছে কলকাতার ভাবনা।জয়িতার গানের চর্চাটা কেমন হচ্ছে?ও কিন্তু নিজে নিজে বেশ ভালোই চর্চা করছে। আজ সন্ধ্যায় জয়িতা আর নির্ঝর চৌধুরীর একটি গানের অনুষ্ঠান হবে ছায়ানট মিলনায়তনে। এই অনুষ্ঠানের ভাবনা হলো পিয়ানো আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মেলবন্ধন। পাশ্চাত্যের বাদ্যযন্ত্র হলেও রবীন্দ্রনাথ কিন্তু পিয়ানোকে দারুণভাবে গ্রহণ করেছিলেন। আজ জয়িতা ও নির্ঝর শুধু পিয়ানো ব্যবহার করেই গান করবে।