
দুটো অস্কারের মনোনয়ন, একটি অস্কার এরই মধ্যে ঝুলিতে পুরে ফেলা। বাসার ট্রফি কেসে শোভা পাওয়া ঝুড়ি-ঝুড়ি পুরস্কারের তালিকায় আছে গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিক চয়েস, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মতো গুরুত্বপূর্ণ সব ট্রফিও। হাঙ্গার গেমস-এর বদৌলতে ইতিহাসের সবচেয়ে বেশি টাকা আয় করা অ্যাকশন হিরোইন তিনি। শুধু অ্যাকশন নয়, নিজের বহুমাত্রিকতা এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন উইন্টার্স বোন-এর মতো সিরিয়াস ও বহুল প্রশংসিত ছবিতে অভিনয় করে। কাজ করেছেন রোমান্টিক কমেডি সিলভার লাইনিংস প্লেবুক-এ, যেটা তাঁকে এনে দিয়েছে অস্কার।
রোলিং স্টোন সাময়িকীর চোখে তিনি আমেরিকার সবচেয়ে প্রতিভাবান তরুণ অভিনেত্রী। এ বছর টাইম সাময়িকী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় রেখেছে তাঁকে। ইএলএলই সাময়িকী তাঁকে বলছে বিনোদন বাণিজ্যের জগতে সবচেয়ে প্রভাবশালী নারী। অর্জনের পাল্লা কত ভারী। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, জেনিফার লরেন্সের বয়স মাত্র ২৩! রুপালি পর্দার জগতেও পা রেখেছেন মাত্র পাঁচ বছর হলো! কী অবিশ্বাস্য রকেট-গতির উত্থানই না হয়েছে লরেন্সের!
এই তো কদিন আগে নিউইয়র্কের ভার্চু সাময়িকী এ বছরের সবচেয়ে মূল্যবান হলিউড তারকার তালিকায় তিনে রেখেছে লরেন্সকে। তাঁর ওপরে আছেন রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান) এবং লিওনার্দো ডিক্যাপ্রিও (গ্রেট গ্যাটসবি, জ্যাঙ্গো আনচেইনড); পেছনে আছেন সান্ড্রা বুলক (গ্র্যাভিটি, দ্য হিট)। এঁরা প্রত্যেকেই হলিউডের প্রতিষ্ঠিত তারকা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিলেন লরেন্সের বয়স যখন ছিল মাত্র ছয় বছর। ভার্চুর একই তালিকায় লরেন্স গতবার ছিলেন ১৬ নম্বরে। এটাও বলে দিচ্ছে তাঁর অবিশ্বাস্য উত্থানের গল্পটা।
মাত্র ২০ বছর বয়সে পেয়েছিলেন অস্কার মনোনয়ন। ইতিহাসের তৃতীয় কনিষ্ঠ হিসেবে অস্কার মনোনয়ন পাওয়ার কীর্তি। ২২ বছর বয়সে আবার যখন মনোনয়ন পেলেন, এবার অন্য রকম ইতিহাসই গড়লেন। সেরা অভিনেত্রী বিভাগে দুবার অস্কার মনোনয়ন পাওয়া ইতিহাসের কনিষ্ঠতম তিনিই। ২০১২ সালে শুধু মনোনয়নই পাননি, জিতেছেনও। ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জয়ের কীর্তি।
এত অল্প বয়সে সাফল্য পাওয়ার নেতিবাচক দিকও আছে। সাফল্যের হাত ধরে আসে প্রচারের আলো, আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সামলানো, লাখো-কোটি ভক্তের অহর্নিশ কৌতূহলের কেন্দ্রে থাকার চাপ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সাফল্যের স্রোতে ভেসে গিয়ে পা হড়কে না ফেলা। সেই কাজটি লরেন্স কতটা সাফল্যের সঙ্গে করেছেন, সেটা বোঝাতে ভার্চু লিখেছে, তিনি শুধু ‘ইতিহাসের সবচেয়ে বড় ও মূল্যবান তরুণ তারকাই নন, কেউ তাঁর মতো করে খ্যাতির পাগলা ঘোড়াটাকে এভাবে বশে রাখতেও পারেননি।’
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বেড়ে উঠেছেন। বাবা নির্মাণ প্রতিষ্ঠানের মালিক। মামা শখের বসে বাচ্চাদের সামার ক্যাম্পের আয়োজন করান। নির্ধারিত বয়সের দুই বছর আগেই হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করে বের হওয়া লরেন্স স্থানীয় মঞ্চে কাজ করতেন। অভিনয়ের সেই নেশার কারণেই নিউইয়র্কে এসেছিলেন। ১৭ বছর বয়সে স্বল্পায়ুর একটি টিভি সিটকমে কাজও করেছেন। একই বছর ‘টোয়ালাইট’ সিরিজের বেলা সোয়ান চরিত্রটির জন্য অডিশন দিয়ে ব্যর্থ হন। যে চরিত্রটি শেষ পর্যন্ত বাগিয়েছেন ক্রিস্টিয়ান স্টুয়ার্ট। অথচ সেই স্টুয়ার্টকেই রেসের দৌড়ে ছিটকে ফেলে লরেন্স আজ কোথায়!
২০০৮ সালে গার্ডেন পার্টি দিয়ে অভিষেক হলেও সত্যিকার অর্থে রুপালি পর্দায় ডানা মেলার প্রথম সুযোগ পেয়েছিলেন দুই বছর পরের ছবি উইন্টার্স বোন দিয়ে। আর সেই সুযোগটার লাগাম কী দুর্দান্তভাবেই না মুঠোয় পুরে নিয়েছিলেন। এই ছবির ‘রি ডলি’ চরিত্রটিই তাঁর দিকে নজর ফেরাতে বাধ্য করেছিল নামজাদা সব পরিচালক-প্রযোজকদের। সেবার অস্কারের দৌড়ে নাটালি পোর্টম্যানের কাছে হেরে গেলেও পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছিলেন: এসে গেছে এক নতুন ঝড়!
২০১১ সালে ‘এক্স ম্যান’ সিরিজে নাম লেখানোর মধ্য দিয়ে ব্যবসাসফল মূলধারার চলচ্চিত্র জগতে পা রাখলেন। প্রথম আন্তর্জাতিক খ্যাতি এনে দিল গত বছরের শুরুতে মুক্তি পাওয়া হাঙ্গার গেমস। এই সিরিজেরই নতুন ছবি হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার মুক্তি পেয়েছে এ সপ্তাহে। যে ছবিটি ঘিরে সারা বিশ্বে দর্শকদের অপার কৌতূহল।
মাত্র কয়েক বছরেই হলিউডের সেই জগতে শক্ত খুঁটি গেড়ে বসেছেন, যে জগতে ধূমকেতুর মতো আসা নতুন প্রতিভাবানেরা ধূমকেতুর মতোই হারিয়ে যান। তবে লরেন্স বুঝিয়ে দিয়েছেন, তিনি এসেছেন তো ধূমকেতুর মতো, কিন্তু আসলে তিনি ধ্রুবতারা!
রাজীব হাসান
সূত্র: গার্ডিয়ান অনলাইন।