ধ্রুবতারার ‘নীল কষ্ট’
ঈদে আসছে এস আই টুটুলের ব্যান্ড ধ্রুবতারার অ্যালবাম নীল কষ্ট। ‘এরই মধ্যে অ্যালবামের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। অল্প কিছু যা বাকি আছে, তা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে।’ বললেন এস আই টুটুল। তিন মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘অনেক দিন শ্রোতাদের সঙ্গে যোগাযোগ নেই। দেশে ফেরার পর ভাবছি, আগে অ্যালবামের কাজ শেষ করব। কোনো সমস্যা না হলে এবার ঈদেই অ্যালবামটি শ্রোতাদের হাতে দেওয়ার ইচ্ছা আছে।’পাঁচ বছর পর ধ্রুবতারার অ্যালবাম করছেন এস আই টুটুল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় এনটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘স্টার সার্চ ইউএসএ’। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন এস আই টুটুল। বিচারকের দায়িত্বে আরও ছিলেন রথীন্দ্রনাথ রায় ও ফকির শাহাবুদ্দিন। এস আই টুটুল জানান, প্রাথমিক বাছাই শেষে মূল প্রতিযোগিতা শুরু হয় ১০ জুলাই। গ্র্যান্ড ফিনালে হয় ২৭ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় সেরা হয়েছেন মানিকগঞ্জের সজল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি নতুন গাড়ি। এই প্রতিযোগিতার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিভিন্ন কনসার্টে গান গেয়েছেন এস আই টুটুল।