নওশাবার উপস্থাপনায় অভিষেক
অভিনয়শিল্পী নওশাবা এখন নুরুল আলম আতিকের ‘যাদুর শহর’ ধারাবাহিকে অভিনয় করছেন। এরই ফাঁকে একটি অনুষ্ঠানের উপস্থাপনায় নাম লিখিয়েছেন নওশাবা। এটি তাঁর প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে নওশাবা জানিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্রের উত্থান-পতনের নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে অনুষ্ঠানটি। নাম রাখা হয়েছে ‘বিনোদনের কারখানা’। অনুষ্ঠানটি চ্যানেল ৭১-এর জন্য নির্মিত হচ্ছে।সম্প্রতি টানা বেশ কয়েক দিন অনুষ্ঠানটির ধারণকাজে অংশ নিয়েছেন নওশাবা। শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে নওশাবা বলেন, ‘এককথায় চমত্কার। বিনোদনের অনুষ্ঠানটি উপস্থাপনা করে এতটা আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারব না। পুরো অনুষ্ঠানটিতে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে অনেক গবেষণা ছিল। আমি নিজে উপস্থাপনার কাজটি করতে গিয়ে বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে অনেককিছু জানতে পেরেছি, যা আসলে আমার মতো একজন অভিনয়শিল্পীর জন্য অনেক বেশি সৌভাগ্যের।’নওশাবা জানিয়েছেন, চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচারিত ধারাবাহিক নাটকটি ছাড়া বর্তমানে আর নতুন কোনো নাটকের কাজ হাতে নেবেন না তিনি।উপস্থাপনার আনন্দের পাশাপাশি এ প্রসঙ্গে আরেকটি আনন্দের খবরও জানালেন নওশাবা। তিনি বলেন, ‘গত মার্চ মাসে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি চিকিত্সকের কাছ থেকে জানতে পারি। প্রথমে কাউকে জানাইনি। কিছুদিন আগে আমার জন্মদিনের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে খবরটি জানাই। আমি আসলে অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। ওপরওয়ালা যেন আমার মনের আশা পূরণ করেন।’উত্ফুল্ল নওশাবা বলেন, ‘চিকিত্সক জানিয়েছেন সামনের অক্টোবরে আমি মা হব। আমার এখন সব মনোযোগ আমার অনাগত সন্তানকে ঘিরেই।’