নওশীন, হিল্লোল ও সারিকা তিন মাস নিষিদ্ধ
নওশীন, হিল্লোল ও সারিকাকে তিন মাসের জন্য সব ধরনের নাটক বা অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির অভিযোগ, গত ১২ জুলাই চ্যানেল টোয়েন্টিফোরের্র‘ডাইন আউট উইথ আস’্রঅনুষ্ঠানে তাঁরা টিভির জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীদের সম্পর্কে অবজ্ঞাসূচক এবং নাট্য পরিচালক ও প্রযোজকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনার জন্য তিনজন শিল্পীকে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে ২৯ জুলাই পৃথক চিঠি দেওয়া হয়। অভিযুক্ত শিল্পীরা চিঠির জবাব দেননি। সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে তিনজন শিল্পীকে বয়কট করার সিদ্ধান্তটি ছিল অনেক কষ্টের। কিন্তু মিডিয়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এটির দরকারও ছিল।’সারিকা বলেন, ‘আমি চিঠি পাইনি। আর ওই অনুষ্ঠানে কাউকে হেয় করার উদ্দেশ্যে কিছু বলিনি। যত দূর মনে পড়ে, আমি বলেছিলাম, শিল্পীরা যখন কোনো শিডিউল ফাঁসান, তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কোনো পরিচালক কিংবা প্রযোজক শিল্পীর সঙ্গে চুক্তি করার পরও যখন কোনো প্রজেক্ট বাতিল করেন, তখন শিল্পীদের কোনো অভিযোগ করার থাকে না। আমার এই কথায় কেউ আহত হয়ে থাকলে আমি ক্ষমা চাইছি।’এদিকে নওশীন ও হিল্লোল এখন নাটকের শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করার কারণে তাঁদের মন্তব্য জানা সম্ভব হয়নি।