নওশীন-মুনমুনের শুরুর ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেতা ম্যাচটা হেরে গেল দক্ষিণ আফ্রিকা। শেষটা দেখা হলো না মুনমুনের। আফসোস নিয়ে প্রথম আলোর কার্যালয়ে ঢুকলেন তিনি। ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার দিনে একসঙ্গে সাক্ষাৎকারের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত করে তুলল নওশীনের দেরি। আলোকচিত্রীর অনুপস্থিতিতে তা আরও ঘনীভূত হলো। শেষমেশ মাঠে গড়াল প্রশ্নের বল। বিশ্বকাপের প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা থেকে শুরু করে নানা বিষয়ে কথা হলো নওশীন ও মুনমুনের সঙ্গে।উপস্থিত ছিলেন দেশি-বিদেশি নামকরা সাংবাদিক, স্টেডিয়াম-ভরা দর্শক, বিটিভির পর্দায় চোখ ছিল গোটা বাংলাদেশের। পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের। বাতাসে মৃদু ভাসছিল প্রশ্নটা—পারবে তো বাংলাদেশ? শুরুর গুরুদায়িত্বটা দুই তরুণীর কাঁধে। মানটা উঁচু তারে বেঁধে দিয়েছেন মন্দিরা বেদির মতো উপস্থাপক। তাঁর কাছাকাছি হবে তো? অনুষ্ঠান শুরুর মিনিট পাঁচেকের মধ্যে উবে গেল এসব প্রশ্ন। তুমুল হাততালিতে জবাব এল দর্শকদের কাছ থেকে। নওশীন আর মুনমুনের দারুণ ওপেনিং ইনিংসের পর বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং। ছুড়ে দেওয়া হলো অসাধারণ ফাইটিং স্কোর। সমাপনী অনুষ্ঠানে যাঁকে টপকে যাওয়া ভারতের পক্ষে মুশকিলই বটে।বিশ্বকাপের প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানটা তাঁদের একসঙ্গে উপস্থাপনা করতে হবে জেনে দুজনেরই দুই জোড়া ভ্রু কুঁচকে উঠেছিল। একটি ছেলে, একটি মেয়ে—এভাবেই তো সাধারণত উপস্থাপনা করা হয় এ ধরনের অনুষ্ঠান। নওশীন আর মুনমুন একসঙ্গে কেন? জমবে তো? ভাবছিলেন তাঁরা দুজনই। প্রথমে ব্যাটে-বলে জমছিল না। অনুশীলনে গিয়ে দারুণ বিরক্তি, পোশাক পছন্দ না হওয়া, অনুষ্ঠানের দিন নওশীনের অসুস্থতা—বিপত্তির শেষ নেই। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সবুজ ঘাসগুলোর থাকতে পারে কোনো ভেষজগুণ, পা রাখা মাত্রই উবে যায় সব ক্লান্তি। অথবা দর্শকদের হর্ষধ্বনি ক্ষমতা রাখে মনটা একদম ঝরঝরে করে দেওয়ার। কোনটা ঘটেছে, জানেন না নওশীন আর মুনমুন। ‘অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গেই যেন কেটে গেল সব নার্ভাসনেস। দারুণ ছন্দ পেয়ে গেলাম। দর্শকেরাও সাড়া দিচ্ছিলেন খুব।’ বললেন মুনমুন।‘মঞ্চের দিকে যখন হাঁটছিলাম, আমার ভেতরে যেন সুইচ অন হয়ে গেল। আর তারপর সবকিছু ঘটল একদম আমি যা চাইছিলাম ঠিক তেমন।’ জানালেন নওশীন।উপস্থাপনায় দুজনের অভিজ্ঞতা একদম কম নয়। নওশীন দীর্ঘদিন কাজ করেছেন রেডিও-জকি হিসেবে। এরপর টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা। ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে উপস্থাপনার হাতেখড়ি মুনমুনের। এখন টেলিভিশনে হাত পাকাচ্ছেন। তবে বিশ্বকাপের প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপনার অভিজ্ঞতাটা সারা জীবনের দারুণ সঞ্চয় বলে মনে করেন দুজনই। গর্বের এমন অনুভূতি নাকি আর কখনো হয়নি। ইএসপিএন স্টার ডট কমে নওশীনকে নিয়ে লেখা হয়েছে প্রতিবেদন। মন্দিরা বেদি আর তাঁর মতো উপস্থাপকদের টেক্কা দিতে পারেন নওশীন—এমন কথাও লেখা হয়েছে তাতে। ‘এত জায়গায় এতবার সাক্ষাৎকার দিয়েছি। ইএসপিএন স্টার ডট কমের এই লেখাটার মূল্য আমার কাছে আলাদা। বিদেশি একজন সাংবাদিক আমার অনুষ্ঠান দেখে এমন কথা লিখেছেন, আমার জন্য খুব গর্বের ব্যাপার।’ বলেন নওশীন।এই জুটির এমন রসায়ন নিশ্চয়ই বারবার দেখতে চাইবেন দর্শক। নওশীন-মুনমুনও তাই চান একসঙ্গে আরও কাজ করতে। এর পেছনে অবশ্য আরও একটা উদ্দেশ্য আছে। নওশীন বয়সে মুনমুনের চেয়ে বড়, আবার মিডিয়ায় মুনমুনের আসা নওশীনের আগে। পরস্পরের কাছে শেখার আছে অনেক কিছু—এমন মনে করেন তাঁরা। ‘নওশীন আপু খুব গুছিয়ে কাজ করেন।’ মুনমুনের কথা। আর নওশীন বলেন, ‘মুনমুনের খুব ধৈর্য।’অভিনয়, মডেলিং করলেও দুজনের পরিচিতি অনুষ্ঠান উপস্থাপক হিসেবেই। সোজা হিসেবে তাঁদের ভালোবাসা উপস্থাপনাতেই প্রগাঢ়।‘অভিনয়টা চ্যালেঞ্জ আর উপস্থাপনা হলো দায়িত্ব। আমি দায়িত্ব নিতে ভালোবাসি। স্কুলে টানা পাঁচ বছর প্রিফেক্ট (দলনেতা) ছিলাম। এখন কোনো অনুষ্ঠান উপস্থাপনার সময় মনে হয়, এই অনুষ্ঠানের সাফল্যের ভার অনেকখানি আমার কাঁধে। সবাই এক রকমের আশা নিয়ে তাকিয়ে আছে আমার দিকে।’ এই অনুভূতিটা উপভোগ করেন মুনমুন। ‘তাই বলে নাটক বা বিজ্ঞাপনে কাজ করতে পছন্দ করি না, তা নয়। স্ক্রিপ্ট পছন্দ হয় না বলে অনেক কাজই ফিরিয়ে দিতে হয়। তাই অনেকে ভাবেন, মুনমুন বোধ হয় কাজ করবে না। ব্যাপারটা মোটেও তা নয়।’ বলেন তিনি।স্রেফ কথা বলাটাই দারুণ পছন্দের কাজ নওশীনের। উপস্থাপনাটা তাই যেন তাঁর সহজাত। কাজের বিরতি পড়লেই মাইক্রোফোন আর ক্যামেরা দারুণ মিস করতে থাকেন। জেগে আছ কি অনুষ্ঠানটা এখন আর করা হচ্ছে না তাঁর। অনুষ্ঠানের দর্শকদের জন্য তাই বলে ভালোবাসা একটুও কমেনি তাঁর। ‘অভিনয় করতেও ভালোবাসি। ভালো স্ক্রিপ্ট পেলে অনেক ব্যস্ততার মাঝেও লোভ ছাড়তে পারি না।’ বলেন নওশীন।কথোপকথনে বিরতি পড়ে আলোকচিত্রীর তাড়ায়। ক্যামেরার সামনে জমছিল না ঠিক। একটা মাইক্রোফোন নেই প্রথম আলো অফিসে? প্রশ্ন দুজনেরই। পাওয়া যাচ্ছে না, তাতে কী! হাতটাই চলে এল মুখের কাছে। এবার তো একদম পিকচার পারফেক্ট!