নওশীন-হিল্লোল-সারিকা ৩ মাসের জন্য নিষিদ্ধ
টেলিভিশন নাটকের তিন অভিনয়শিল্পী ও মডেলকে তিন মাসের জন্য সব ধরনের নাটক বা অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বয়কট হওয়া তিন অভিনয়শিল্পী ও মডেল হলেন নওশীন, হিল্লোল ও সারিকা।টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ১২ জুলাই চ্যানেল টোয়েন্টিফোরের ‘ডাইন আউট উইথ আস’ নামের একটি অনুষ্ঠানে অভিযুক্ত তিনজন শিল্পী ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীদের সম্পর্কে অবজ্ঞাসূচক এবং নাট্যপরিচালক ও প্রযোজকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সংগঠনটির কার্যকরী কমিটির সভায় উত্থাপিত হলে প্রাথমিকভাবে অভিযুক্ত তিনজন শিল্পীকে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে ২৯ জুলাই পৃথক চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু পরের এক মাসের মধ্যেও অভিযুক্ত শিল্পীরা কোনো প্রত্যুত্তর বা সদুত্তর না দেওয়ার কারণে সংগঠনটির কার্যকরী কমিটির সভায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তা-ই নয়, এ সিদ্ধান্ত কার্যকর করার আগে শেষবারের মতো তাঁদের ৩১ আগস্ট অপর একটি চিঠি দিয়ে সাত দিনের মধ্যে জবাব দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিটি পত্রের অনুলিপি অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষকেও দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত অভিযুক্ত শিল্পীরা প্রডিউসারস অ্যাসোসিয়েশনকে কোনো জবাব দেননি। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত তিন অভিনয়শিল্পীকে তিন মাসের জন্য যেকোনো নাটক বা অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়।সর্বশেষ গতকাল ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নওশীন, হিল্লোল ও সারিকাকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। নওশীন, হিল্লোল ও সারিকাকে নিয়ে এ সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে ১ ফেব্রুয়ারি ২০১৩ পর্যন্ত বলবত্ থাকবে।টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। একজন অভিনয়শিল্পী হিসেবে তিনজন শিল্পীকে বয়কট করার সিদ্ধান্তটি ছিল আমাদের জন্য অনেক কষ্টের। কিন্তু মিডিয়াতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এটি দরকারও ছিল।’ এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সারিকা বলেন, ‘আমি অনুষ্ঠানে কাউকে হেয় করার উদ্দেশ্যে কিছু বলিনি। যত দূর মনে পড়ে, আমি বলেছিলাম, শিল্পীরা যখন কোনো শিডিউল ফাঁসায়, তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কোনো পরিচালক কিংবা প্রযোজক শিল্পীকে চুক্তি করার পরও যখন কোনো প্রজেক্ট বাতিল করেন, তখন শিল্পীদের কোনো অভিযোগ করার থাকে না। এটা আমি একেবারে সাধারণ দৃষ্টিকোণ থেকে বলেছিলাম। এখন এটাকে নিয়ে যদি কেউ ইস্যু বানায় কিংবা আমার কথার দ্বারা কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি।’সারিকা আরও বলেন, ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চিঠি পাঠানোর পরও উত্তর দেওয়া হয়নি বলে যে অভিযোগটি করা হচ্ছে, সেটির সঙ্গে আমি একমত নই। কারণ, এখনো পর্যন্ত টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে কোনো ধরনের চিঠি পাইনি। তবে একজন শিল্পী হিসেবে বয়কটের ব্যাপারটি আমার জন্য খুবই দুঃখজনক। আমি আবারও বলতে চাই, যদি কোনো সুযোগ থেকে থাকে তাহলে আমি আমার কৃতকর্মের জন্য আবারও ক্ষমা প্রার্থনা করছি।’এদিকে নওশীন ও হিল্লোল বর্তমানে নাটকের শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করার কারণে তাঁদের মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে হিল্লোল ও নওশীনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন নির্মাতা ও প্রযোজক থেকে নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা গেছে। নওশীনকে এরই মধ্যে স্যাটেলাইট চ্যানেল আরটিভিও নিষিদ্ধ করেছে।