নওশীন-হিল্লোলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
চ্যানেল টোয়েন্টিফোরে ‘ডাইন আউট উইথ আস’ অনুষ্ঠানে কয়েকজন জ্যেষ্ঠ শিল্পী, প্রযোজক ও পরিচালকদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করে সম্প্রতি বিপাকে পড়েন অভিনয়শিল্পী নওশীন ও হিল্লোল। নিজেদের দোষ স্বীকার করে ৪ নভেম্বর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছেন তাঁরা। পাশাপাশি নিজেদের আচরণের জন্য সংগঠনটির নেতৃবৃন্দের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওশীন ও হিল্লোল।আজ বুধবার বিকালে সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গত ৪ নভেম্বর হিল্লোল সংগঠনটির সাধারণ সম্পাদক তারিক আনাম খানের সঙ্গে হিল্লোল ও নওশীন দেখা করেছেন। পুরো ঘটনাটি মৌখিকভাবে জানানোর পাশাপাশি লিখিত চিঠিও দিয়েছেন তাঁরা। চিঠিতে আপত্তিকর মন্তব্যর জন্য অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওশীন-হিল্লোল।তবে হিল্লোল এবং নওশীন এর উপর যে বয়কট আদেশ আরোপ করা হয়েছে তা তুলে নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সংগঠনটি। এ ব্যাপারে মামুনুর রশীদ বলেন, ‘আগামী ১২ নভেম্বর আমাদের সংগঠনের নিয়মিত সভা, সেদিন হিল্লোল-নওশীনের বিষয়টি উত্থাপন করা হবে। সংগঠনের সকল নেতৃবৃন্দ যে রায় দেবেন সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এ ব্যাপারে নওশীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত রোববার আমরা তারিক ভাইয়ের সঙ্গে দেখা করেছি। অভিযোগটি সম্পর্কে মৌখিকভাবে জানানোর পাশাপাশি লিখিত চিঠিও দিয়েছি। এ ব্যাপারে আপাতত আর কিছুই বলতে চাচ্ছি না।’শুটিং করছেন কিনা জানতে চাইলে নওশীন বলেন, ‘আমি আপাতত নিজে থেকেই এক মাস সব ধরনের শুটিং থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’উল্লেখ্য, একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন মডেল ও অভিনয়শিল্পী সারিকা। দোষ স্বীকার এবং তার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ইতিমধ্যে সারিকার ওপর থেকে বয়কট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।