নওশীনের তৃতীয় চলচ্চিত্র
শফিকুল ইসলামের শুয়াচান পাখি এবং শঙ্খ দাশগুপ্তের হ্যালো অমিত ছবির পর আবারও চলচ্চিত্রে অভিনয় করছেন নওশীন। এবারের চলচ্চিত্রটির নাম দুদু মিয়া। পরিচালক ডায়েল রহমান। ছবিতে নওশীন অভিনয় করছেন আমিন খানের বিপরীতে। এরই মধ্যে সিলেটের জাফলংয়ে তিন দিন ধরে ছবিটির দুটি গানের শুটিং শেষ করেছেন বলে জানান নওশীন।নওশীন বললেন, ‘দুদু মিয়া ইতিহাসনির্ভর একটি চলচ্চিত্র। ছবিতে আমাকে দুদু মিয়ার ভালোবাসার মানুষ মোনা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর আগেও আমি দুটি ছবিতে অভিনয় করেছি। সেগুলোর তুলনায় দুদু মিয়া একেবারেই ভিন্ন ধাঁচের। তিন দিনে দুটি গানের শুটিং করা হয়েছে। কনা ও রাজীবের গাওয়া গান দুটি সবারই ভালো লাগবে।’আমিন খানের বিপরীতে এবারই প্রথম অভিনয় করছেন; এ ব্যাপারে নওশীন বললেন, ‘ছবিতে প্রথম হলেও আমরা দুজন কিন্তু একসঙ্গে একটি টেলিছবিতেও অভিনয় করেছি। নাম সময়ের ভালোবাসা অসময়ে কেন বাসো।’ছবিটির পরিচালক ডায়েল রহমান বললেন, ‘এটি যেহেতু ইতিহাসনির্ভর চলচ্চিত্র, তাই প্রস্তুতিটাও অনেক বেশি। ১৮৪২ সালের আবহ তুলে ধরার সব ধরনের চেষ্টা আমরা করছি।’ দুদু মিয়া ছবিটির পরবর্তী শুটিং আগামী বছরের মার্চ মাসে শুরু হবে বলে জানালেন তিনি।