নওশীনের মুখোমুখি শাকিব খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিব খান মুখোমুখি হলেন উপস্থাপিকা ও টিভি-চলচ্চিত্র অভিনেত্রী নওশীন নাহরীনের। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত ‘স্টার নাইট’ অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে ওই অনুষ্ঠানের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। ‘স্টার নাইট’ অনুষ্ঠানের পরিকল্পনার দায়িত্বে আছেন কবির বকুল। চ্যানেল সূত্রে জানা গেছে, শাকিব খানকে নিয়ে নির্মিত ভিন্নধর্মী একটি টক শো ‘স্টার নাইট’। শাকিব খান এখানে বলেছেন তাঁর জানা-না জানা অনেক কথা। শাকিব কেন নম্বর ওয়ান—এই নিয়ে বলবেন তাঁর প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’র পরিচালক সোহানুর রহমান সোহান। এ ছাড়া চলচ্চিত্রে শাকিব খান যেসব পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে কাজ করেছেন, তাঁরা তাঁকে নিয়ে বলবেন নানা কথা। মাছরাঙা টেলিভিশন সূত্রে আরও জানা গেছে, ‘স্টার নাইট’ অনুষ্ঠানেই শাকিব জানিয়েছেন তিনি কবে বিয়ে করতে যাচ্ছেন, প্রথম কার প্রেমে পড়েছিলেন, কবে কার হূদয় ভেঙেছিলেন, কোন ছবিতে কাজ করে অনুতপ্ত হয়েছেন। জানা গেছে, শাকিবের গাওয়া একটি গানও প্রচারিত হবে এ অনুষ্ঠানে। নওশীনের উপস্থাপনায় ‘স্টার নাইট’ অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। অজয় পোদ্দারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে।