নওশীনের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে বের হলে ভক্তদের নানা আবদার। কখনো প্রিয় তারকার সঙ্গে ছবি তোলার বায়না, কিংবা অটোগ্রাফের দু কলম। কোথাও কেনাকাটায় কিংবা কোনো কাজে গেলে আশপাশ থেকে ভেসে আসে ‘আরে নওশীন না! হ্যাঁ নওশীনই তো’। একেবারে সাদামাটা জীবনটায় রাতারাতি পরিবর্তন—তারকাখ্যাতি। মডেলিংয়ে এই নতুন তারা নওশীন শারমিলা। চট্টগ্রামের মেয়েটি ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার দ্বিতীয় আসরে পরলেন সেরার মুকুট। হয়েছেন টপ মডেল। ক্যারিয়ারের শুরুটা অভিনয় দিয়ে? সঙ্গে সঙ্গে নওশীনের উত্তর, ‘আমার ঝোঁক অভিনয়ে। তাই নাটক দিয়ে শুরু।’ ভালোবাসো, বাঁচো নামের একটি নাটকে কাজ করেছেন। আনিসুল হকের রচনা ও রুমানা রশিদ ঈশিতার পরিচালনায় এ নাটকে নওশীনের বিপরীতে অভিনয় করেন এস আই টুটুল। নাটকটি ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে প্রচারিত হয়।সম্প্রতি চট্টগ্রাম নগরের মেহেদীবাগের ফ্ল্যাটে নওশীনের সঙ্গে কথা হয়। জানালেন, ভুল করেও কখনো স্বপ্ন দেখেননি তারকা বনে যাবেন। তাহলে হঠাৎ এমন কী ঘটল? ছকে বাঁধা জীবনের মোড় ঘুরিয়ে দিল। নওশীনের মুখেই শোনা যাক—‘সময়টা গত বছরের সেপ্টেম্বর। ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার। চিন্তা করলাম ছবি পাঠাব কিনা। কিন্তু আমার কথা শুনে বড় ভাই আবরার খোঁচা দিয়ে বললেন, পাঠিয়ে আর কী হবে! বাদ দে, এসব করে কিছু হবে না। তাঁর কথায় জেদ চাপল। বাজি ধরে ছবি পাঠালাম। এরপর আর মনেই ছিল না। একদিন চ্যানেল আই অফিস থেকে ফোন পেলাম, ১৩ অক্টোবর অডিশন রাউন্ড। যাব কি যাব না এ নিয়ে দোটানায় ছিলাম। শেষে আবরার ভাই-ই সাহস জোগালেন। ব্যস, শুরু হলো আমার অন্য জীবন।’অডিশন রাউন্ডে অংশ নেয় সারা দেশের ২১৯ জন প্রতিযোগী। সকাল থেকে রাত অবধি চলে একের পর এক রাউন্ড। একদম শেষে ঠেকল ২০ জনে। তাঁদের মধ্যে ঠাঁই হলো নওশীনেরও। এরপর গ্রুমিং সেশন। ২০ সুন্দরীকে নিয়ে শুরু হলো ক্যাম্প। কঠোর নিয়ম আর নানা প্রশিক্ষণে প্রত্যেক প্রতিযোগীই নিজেকে ঝালাই করে নিতে ব্যস্ত। অনেকের আগে কাজ করার অভিজ্ঞতা ছিল। কিন্তু নওশীনের ঝুলি শূন্য। না মডেলিং, না অভিনয়—কোনোটাই যে আগে করা হয়নি! সবকিছুই নতুন করে শুরু। সম্বল বলতে মনোযোগ, একাগ্রতা আর আত্মবিশ্বাস। এর পরের কাহিনি শুধুই এগিয়ে যাওয়ার। মূল প্রতিযোগিতায় সফলতার সঙ্গে একের পর এক ধাপ পেরোতে লাগলেন। এক পর্ব যায় তো আরেক পর্বের প্রস্তুতি। শিরোপা নয়, লক্ষ ছিল যেকোনোভাবে প্রতিটি পর্বের বৈতরণী পার হওয়ার। নিয়ম, প্রশিক্ষণের পাশাপাশি গ্রুমিং সেশনে তাঁরা বাঁধা পড়েন বন্ধুতার বন্ধনে। লুকিয়ে মুঠোফোনে কথা বলা, ক্যাম্প ইনচার্জ ঘুমিয়ে পড়লে চকলেট খাওয়া আরও কত কী! আবার নিজেদের মধ্যে খুনসুটি, আড্ডা, চমক দেওয়া কত কিছু না ঘটল। গ্রুমিং সেশনের মজার একটি ঘটনার কথা বলুন—কথাটা শোনার সঙ্গে সঙ্গে নওশীনের চোখেমুখে খুশির ঝিলিক। রোমন্থন করলেন ক্যাম্পে তাঁর খুব কাছের বন্ধু ফারিয়া নওশীনের জন্মদিনে তাঁকে চমকে দেওয়ার ঘটনা। বললেন, ‘ফারিয়ার জন্মদিনের আগের দিন থেকে আমি ইচ্ছে করেই তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকি। এ নিয়ে তার খুব মন খারাপ ছিল। ফলে সে জন্মদিনের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এর মধ্যে কেক, ফুল, বেলুন আনা হলো। আমি রাত ১২টা এক মিনিটে তাকে ডেকে তুললাম। ওয়াশরুমে যাওয়ার কথা বলে তাকে তুলে নিয়ে এলাম ডাইনিং রুমে। চারদিকে অন্ধকার। হঠাৎ জ্বলে উঠল আলো। আমরা সবাই তার জন্মদিন পালন করলাম হইচই করে।’ পরিবারেও নওশীন সবার প্রিয়। মা-বাবা আর দুই ভাই দুই বোন নিয়ে তাঁদের পরিবার। পড়ছেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে। তাঁর গ্রামের বাড়ি রাউজানের ঢেউয়া হাজিবাড়ি গ্রামে।