
কপিকাট সিনেমা! বলিউডে এখন চলছে মসলাদার ছবির গল্পের হাহাকার। ছবি বানাতে গিয়ে মসলার বেশ টান পড়ে গেছে, তাই এখন দৌড় তামিল চলচ্চিত্রের দিকে। কিন্তু পোস্টার তৈরির শিল্পীর অভাবও কি এখন বলিউডে?
খুব অবাক হওয়ার মতো খবর নয় এটি। নকলের দায়ে মাঝেমধ্যেই তো খবরে পরিণত হচ্ছে হিন্দি ছবির পোস্টার। কিন্তু নকলের ব্যাপ্তি দেখলে একটু অবাক হতেই হয়। আর ছবি নকলের তালিকায় বেশি উজ্জ্বল হয়ে আছে তারকাখচিত ছবিগুলোই।

শুরুটা হোক মিস্টার পারফেকশনিস্টকে দিয়েই। সবারই জানা, আমির খান তাঁর ছবির সব ব্যাপারেই খুব সিরিয়াস! কিন্তু ছবির পোস্টারের এ কী দশা? এই যেমন: পিকে ছবিতে আমিরের নগ্ন দেহের পোস্টারটি, অশ্লীলতার দায়ে যেটি নিয়ে তুমুল হাঙ্গামা হলো। সেই পোস্টারটি নকল করা হয়েছে পর্তুগিজ সংগীতশিল্পী কিম বারেইরোসের একটি অ্যালবামের প্রচ্ছদ থেকে! আবার গজনির পোস্টার ‘অনুপ্রাণিত’ হয়েছে হলিউড ছবি হাল্ক-এর পোস্টার থেকে। হলিউড ছবি দ্য ডার্ক নাইট-এর পোস্টারের সঙ্গে মিল পাওয়া গেছে ধুম থ্রির পোস্টারের।
কিং খানের ছবির পোস্টারও খুব বেশি পিছিয়ে নেই। হলিউডের ব্যাটম্যান বিগিনস সিনেমার পোস্টারের সঙ্গে মিল আছে শাহরুখ খানের রা ওয়ান সিনেমার পোস্টারের। ফরাসি ছবি স্পেশাল ফোর্সেস-এর পোস্টার থেকে ‘অনুপ্রাণিত’ হয়েছে যব তক হ্যায় জান-এর পোস্টার। সোজা বাংলায়, নকল। অভিযোগ আছে, হ্যাপি নিউ ইয়ার ছবিটির পোস্টার নকল হয়েছে বলিউডেরই আরেক ছবি ক্যাশ-এর পোস্টার থেকে!
সাল্লু ভাইজান কিন্তু বেশ পিছিয়ে আছেন এ ব্যাপারে। তাঁর একটিমাত্র ছবির ব্যাপারে এমন অভিযোগ। সালমান খানের এক থা টাইগার-এর পোস্টার নকল হয়েছে ‘প্রিন্স অব পার্সিয়া’র গেম থেকে। রণবীর কাপুরের ফ্যান্টম, রয়, আনজানা আনজানি নকল করেছে যথাক্রমে হোমফ্রন্ট, ফিফটি শেডস অব গ্রে ও অ্যান এডুকেশন ছবির পোস্টার। তাঁর বম্বে ভ্যালভেট-এর পোস্টার নকল হয়েছে দাদা রাজ কাপুরের বারসাত ছবির পোস্টার থেকে!
পোস্টার নকলের হাত থেকে রেহাই পায়নি টাইটানিকও। শহীদ কাপুরের মওসম ছবির পোস্টার দেখলেই তা বোঝা যাবে। হৃতিক রোশনের কাইটস ছবির পোস্টার মিলে গেছে দ্য নোটবুক ছবির পোস্টারের সঙ্গে। তাঁর জিন্দেগি না মিলেগি দোবারা ছবির পোস্টার নকল করা হয়েছে হলিউড ছবি লর্ডস অব ডগটাউন-এর পোস্টার থেকে। কারিনা কাপুর খান ও অক্ষয় খান্নার ছবি হালচাল-এর পোস্টার পুরোটা নকল করা হয়েছে হলিউড ছবি মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং-এর পোস্টার থেকে। সিদ্ধার্থ মালহোত্রার এক ভিলেন-এর দুটো পোস্টার নকল হয়েছে হলিউড ছবি স্টেপ আপ ও ফেস অফ-এর পোস্টার থেকে।
তালিকায় আছে আরও ভূরি ভূরি ছবি। সব দিলে যে ঠগ বাছতে গাঁ উজাড় হওয়ার দশা হবে!
প্রণব ভৌমিক
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি নিউজ ও আইবিএন লাইভ অবলম্বনে