নকশা থেকে নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়েল, ছবি: কবির হোসেন
দোয়েল, ছবি: কবির হোসেন

২৬ আগস্ট ২০১৪। প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’র প্রচ্ছদে ছিলেন দোয়েল। এরপর দুই বছর। দোয়েলের জীবনে ঘটেছে অভূতপূর্ব পরিবর্তন। দোয়েল বললেন, ‘নকশা আমাকে নায়িকা বানিয়েছে।’
মুখোমুখি বসে নায়িকা হওয়ার গল্প বললেন দোয়েল। পুরো নাম দিলরুবা হোসেন। বললেন, ‘আমার কোনো পরিকল্পনা ছিল না। হুট করেই নকশায় মডেল হওয়া। এরপর বিভিন্ন ফ্যাশন হাউসের ফটোসেশন আর বিজ্ঞাপনের ডাক আসে। এর মধ্যে ভালো কিছু কাজের সুযোগ পেয়ে যাই।’
কিন্তু কে জানে, তখন আরও কিছু চমক অপেক্ষা করছিল দোয়েলের জন্য। দোয়েল ডাক পেলেন নাসির উদ্দীন ইউসুফের নতুন চলচ্চিত্র আলফায়। অভিনয়ের তেমন কিছুই জানতেন না দোয়েল। রংপুরের মেয়ে হওয়ায় এই অঞ্চলের আঞ্চলিক ভাষা বেশ ভালোই জানতেন। আলফায় বস্তির মেয়েটি রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। শুরু হয় দোয়েলের নতুন যুদ্ধ।
এই যুদ্ধে জয়ী হলেন তিনি। আলফার পর আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান দোয়েল। এর মধ্যে চন্দ্রাবতী কথা নামে ছবিটি পরিচালনা করছেন এন রাশেদ চৌধুরী আর লাল মোরগের ঝুঁটি নুরুল আলম আতিক।
‘নকশা’র স্থিরচিত্রের মডেল মাত্র দুই বছরের মাথায় চিত্রনায়িকা বনে যাবেন, তা কে জানত! দোয়েল নিজেও তা ভাবতে পারেননি। বললেন, ‘আমি অভিনয়টা এখনো শিখছি। পরিচালক তো আছেনই, আমার সহশিল্পী থেকে শুরু করে ইউনিটের সবার কাছ থেকেই প্রতিনিয়ত শিখতে হয়। চেষ্টা করি পরিচালকের পছন্দ অনুযায়ী নিজের সেরাটা দিতে।’
আলফার কাজ শেষ। বর্ষাকালের জন্য অপেক্ষা করছে চন্দ্রাবতী কথার ইউনিট। আর লাল মোরগের ঝুঁটির শুটিং শুরু হয়েছে সম্প্রতি। মডেলিং থেকে চলচ্চিত্রে সুযোগ পাওয়া দোয়েল এখনো টিভির কোনো নাটকে অভিনয় করেননি।
বললেন, ‘আমার পরিবার থেকে শুরু করে সবার সহযোগিতা নিয়ে কাজ করছি। জানি না সামনে কত দূর যেতে পারব। তবে আমি ধীরে এগোতে চাই।’
এর ফাঁকে জানিয়ে রাখলেন অপূর্ণতার কথাও, ‘স্বপ্ন ছিল হুকমায়ূন আহমেদের নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করব। কিন্তু সেটা আর সম্ভব নয়। তবে তাঁর ছেলে নুহাশ হুনমায়ূনের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি।’
বলতে বলতে দোয়েলের চোখ চকচক করে ওঠে। জাতীয় পাখির নামে নাম বলেই কিনা কে জানে, সেই চোখই বলে দেয়, সামনে আরও অনেক পথ বাকি মেয়েটির।