নগরে গম্ভীরা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা অনুষদের বকুলতলায় গম্ভীরা উৎ​সবের প্রথম দিনের একটি পরিবেশনা l প্রথম আলো
চারুকলা অনুষদের বকুলতলায় গম্ভীরা উৎ​সবের প্রথম দিনের একটি পরিবেশনা l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা মঞ্চ থেকে ভেসে আসছিল বাঁশি, হারমোনিয়াম আর তবলার আওয়াজ। সে আওয়াজ ছাপিয়ে ডাক শোনা গেল ‘গুদা ও গুদা...’, গলায় গামছা আর মাথায় মাথাল পরে হাজির নাতি। কিছুক্ষণ পরেই হাজির নানা। নানা ও নাতির হাস্যরসে নগরের এই সন্ধ্যাটি ছিল গম্ভীরাময়।
প্রথম জাতীয় গম্ভীরা উৎসব-২০১৬–এর উদ্বোধন করা হলো গতকাল শুক্রবার সন্ধ্যায়। উদ্বোধক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের অনেক লোকসংস্কৃতি হারিয়ে যাচ্ছে। গম্ভীরাও প্রায় হারিয়ে যেতে বসেছে। এই সংগঠন গম্ভীরাকে আবার আমাদের কাছে নিয়ে এসেছে।’
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিলেন নাট্যকার মমতাজউদ্দীন আহমদ, শিল্পী রফিকুন নবী, শিল্পী হাশেম খান। বক্তৃতা পর্বের পরে চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি দল গম্ভীরা পরিবেশন করে। আজ শনিবার বিকেল চারটায় থাকবে দ্বিতীয় দিনের আয়োজন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজও পাঁচটি দল গম্ভীরা পরিবেশন করবে। সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা ‘দিয়াড়’ উৎসবটি আয়োজন করে।