ঈদ সামনে রেখে সৃজনশীল বই বিপণনের বৈচিত্র্যপূর্ণ আয়োজনের অংশ হিসেবে বই প্রকাশনা ও বিপণন সমবায় সমিতি ‘ঈদ বই উৎসব’-এর আয়োজন করেছে। দেশের ২০টি প্রকাশনা প্রতিষ্ঠানের নির্বাচিত ৪০০ বই নিয়ে সাজানো হয়েছে ‘ঈদ বই উৎসব’। উৎসবে ৪০ শতাংশ কমিশনে বই বিক্রি হচ্ছে। গত বুধবার দুপুরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঐতিহ্য, সন্দেশ, সূচীপত্র, জাগৃতি, র্যামন, শ্রাবণ, ম্যাগনাম ওপাস, উৎস, ভাষাচিত্র, বর্ষাদুপুর, সংহতি, জনান্তিক, মুক্তদেশ, মূর্ধন্য, সংবেদ, পারিজাত এবং আদর্শ।শাহবাগের আজিজ সুপার মার্কেটে (রুম ৩৩, নিচতলা) এ মেলা চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা থেকে বই কেনা যাবে।হায়দ্রাবাদে বাংলাদেশের চলচ্চিত্র উৎসবহায়দ্রাবাদের অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া বাংলাদেশের ছবি নিয়ে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। আজ ১০ আগস্ট থেকে ১২ আগস্ট তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলো হচ্ছে: তানভীর মোকাম্মেল পরিচালিত চিত্রা নদীর পারে ও লালন, মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ, মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের অন্তর্যাত্রা। হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওর মিলনায়তনে অনুষ্ঠেয় এ উৎসবের জন্য বাংলাদেশের চলচ্চিত্রের ওপর তানভীর মোকাম্মেলের একটি বাণী শুটিং করা হয়েছে এবং উৎসবের উদ্বোধনীর দিনে তা দেখানো হবে।শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাঅলিম্পিক উন্মাদনা এবং খেলাধুলার গুরুত্ব শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। ‘অলিম্পিক দেখ ছবি আঁক’ স্লোগান নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে বয়স অনুযায়ী তিনটি গ্রুপে (ক—৫ থেকে ৭, খ—৮ থেকে ১০ এবং গ—১১ থেকে ১৪) প্রতিযোগীরা অংশ নেবে। এই পর্বের বিষয়বস্তু ‘খেলা’। শিশু-কিশোরেরা বিভিন্ন রকমের খেলা নিয়ে তাদের চিত্রকর্মটি ৩১ আগস্ট ২০১২-এর মধ্যে ব্রিটিশ কাউন্সিল, ৫ ফুলার রোড, ঢাকার ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে পারবে। নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। চিত্রকর্মের পেছনে অবশ্যই নিজের গ্রুপ, বিভাগের নাম, নিজের নাম, জন্ম তারিখসহ বয়স, স্কুলের নাম ও ঠিকানা, শ্রেণী ও রোল নম্বর, বাসার ঠিকানা এবং টেলিফোন বা মুঠোফোন নম্বর এবং প্রতিযোগীর একটি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে।ঢাকা নগর পরিকল্পনা নিয়ে গ্রন্থের প্রকাশনাএকটা সুন্দর নগর সুন্দর নাগরিক তৈরি করবে। সমস্যা নয়, সমাধান করে আমাদের স্বপ্নের শহর তৈরি করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন নগর পরিকল্পনাবিদেরা। গতকাল বৃহস্পতিবার ছায়ানট সংস্কৃতি-ভবনে স্থপতি কাজী খালিদ আশরাফের ডিজাইন ঢাকা: আ ম্যানিফেস্টো ফর এ বেটার সিটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।অনুষ্ঠানে শুরুতে সম্প্রতি প্রয়াত দেশের আধুনিক স্থাপত্যকলার পথিকৃৎ স্থপতি মাজহারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফউদ্দিন আহমেদ ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডেভিড লাডেন। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, স্থপতি এহসান খান, স্থপতি জারিনা হোসেন ও লেখক কাজী খালিদ আশরাফ। বক্তারা বলেন, বিশ্বে এমন অনেক দেশ আছে, যেখানে পরিকল্পনা ছাড়া নগরের সূচনা হয়েছে এবং পরবর্তীকালে তা সুন্দর পরিকল্পনায় আনা হয়েছে। স্থপতি কাজী খালিদ আশরাফ বলেন, ‘এই বইতে শুধু ঢাকার সমস্যা নয়, এর সমাধানের দিকটিও উল্লেখ করা হয়েছে।’ এটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা লোকা। লোকা, মঙ্গলবারের সভা এবং আরবান ডিজাইন অ্যাকশন গ্রুপ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।