নগরে শরৎ-বন্দনা

এই মেঘ, এই রোদ—শরতের চিরন্তন স্বভাব। দুপুরে মেঘের দেখা মিলেছে ঠিকই, কিন্তু আজ সকালের এই শরতের আকাশ ছিল রীতিমতো রোদেলা উষ্ণ। তবু শরতের রূপটিকে মেলে ধরেছিল ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছিল তাদের এ আয়োজন।
শুক্রবার সকাল, বকুলতলায় মঞ্চ সাজানো হয়েছে কাশফুলসহ নানা প্রাকৃতিক অনুষঙ্গ দিয়ে। সকাল সাতটায় ‘দেখো দেখো, দেখো শুকতারা’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছিল একটি যৌথ (ডুয়েট) পরিবেশনা। নূপুরের ধ্বনি, তবলা ও মন্দিরার অপূর্ব সমন্বয়ে চলে কখনো নাচ, কখনো গান। একদিকে গানের প্রস্তুতি আর অন্যদিকে নিজেকে রাঙানোর চেষ্টা নৃত্যশিল্পীদের।
শুরুতে সম্মেলককণ্ঠে ছায়ানটের শিল্পীরা যখন পরিবেশন করেন ‘দেখো দেখো, দেখো শুকতারা’—তখন পূর্ণ চেহারায় ফেরে শরৎ। এর পর দ্বৈতকণ্ঠে শিল্পী সুবর্ণা দে ও অভিজিতের কণ্ঠে ‘পোহালো পোহালো বিভাবরী’, সুদীপ সরকারের কণ্ঠে ‘শুভ্র আসনে বিরাজ অরুণছটা মাঝে’, আবার সম্মেলককণ্ঠে ‘আলোর অমল কমলখানি কে ফোটাল’ গান পরিবেশিত হওয়ার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত সংস্কৃতি সমঝদাররা এসে বকুলতলা প্রাঙ্গণকে পূর্ণ করেন।
এর পর এ টি এম জাহাঙ্গীরের ‘এবার অবগুণ্ঠন খোলো’ এবং সুতপা সাহার ‘কার বাঁশি ভোরে’ পরিবেশনের সঙ্গে দর্শকরা উপভোগ করেন সমবেত নৃত্যগীত। ‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’ গানের সহযোগে একঝাঁক কিশোরী নৃত্য পরিবেশন করে। এ ছাড়াও একক ও সমবেত গান পরিবেশন করেন দীপাঞ্জন মুখার্জী, সেমন্তি মঞ্জুরী, মোস্তাফিজুর রহমান তূর্য, কাঞ্চন মোস্তফা, বিক্রম দাস, মারুফা মঞ্জরী সৌমি, পার্থ প্রতীম রায়, নাঈমা ইসলাম নাজ প্রমুখ।
ঐতিহ্য অনুযায়ী জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় দেড় ঘণ্টার এ সাংস্কৃতিক আয়োজন। পুরো অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে তবলায় ছিলেন এনামুল হক ওমর ও মৃত্যুঞ্জয় মজুমদার, মন্দিরায় প্রদীপ কুমার রায় ও এস্রাজে অসিত বিশ্বাস।