নজর আলী চরিত্রে জাহিদ হাসান
সম্প্রতি একটি নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। নাটকে জাহিদ হাসানের চরিত্রটির নাম নজর আলী।
হিমু আকরামের পরিচালনায় ‘নজিরবিহীন নজর আলী’ নাটকে নজর আলীর অতি সাধারণ জীবনের অসাধারণ সব গল্প বর্ণিত হয়েছে। চরমটুয়ার অভিরামপুর গ্রামের বিএ পাস সহজ-সরল নজর আলী একের পর এক লজিং থেকে বিতাড়িত হয়ে অবশেষে বাড়ি ফিরে আসে।
নজরের সরলতাকে ব্যবহার করে প্রেমিকা নূপুর, দুবাইফেরত আলাউদ্দিন, দুলাভাই হারুন আর বোন শেফালি। অবশেষে মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নজর আলী গ্রাম ছেড়ে পাড়ি জমায় ঢাকায়। বনলতা সেনের প্রেমে পড়ে নজিরবিহীন এক গল্পে জড়িয়ে পড়ে নজর আলী। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ‘নজিরবিহীন নজর আলী’ নাটকের গল্প এগিয়ে যায়।
কমেডিধর্মী নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘হিমু আকরামের পরিচালনায় প্রায় পাঁচ বছর যাবত্ কাজ করছি। তাঁর লেখা গল্পগুলো যেমন অসাধারণ, ঠিক তেমনি নির্মাণশৈলীও চমত্কার। নজর আলী চরিত্রে অভিনয় করতে ভীষণ ভালো লেগেছে। অনেক বছর পর দর্শকেরা আবারও আমাকে সহজ-সরল একজন বোকা মানুষের চরিত্রে দেখবেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
হিমু আকরামের নির্দেশনায় জাহিদ হাসান প্রথম কাজ করেছিলেন ২০০৯ সালে, ‘ম্যানেজিং ডিরেক্টর’ নাটকে। এরপর ‘কাবাব মে হাড্ডি’, ‘ আলাল দুলাল নেপালে’, ‘জয়নাল জাদুকর’ ‘নজিরবিহীন নজর আলী’সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।
‘নজিরবিহীন নজর আলী’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, অহনা, শবনম পারভীন, তারিক স্বপন, রিফাত চৌধুরী, সঞ্জীব আহমেদ, মুনিরা মিঠু, শফিক খান, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। ‘নজিরবিহীন নজর আলী’ নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।