নজর আলী চরিত্রে জাহিদ হাসান
ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তারই ধারাবাহিকতায় এবার ‘নজিরবিহীন নজর আলী’ নাটকে নজর আলী ভূমিকায় অভিনয় করলেন জাহিদ হাসান। হিমু আকরামের রচনা ও পরিচালনায় সম্প্রতি ধারাবাহিক নাটক ‘নজিরবিহীন নজর আলী’র ২৬ পর্বের শুটিং শেষ হয়েছে।পরিচালক হিমু আকরাম বলেন, নাটকে দেখা যাবে গ্রামের বি.এ পাশ নজর আলীর অতি সাধারণ জীবনের অসাধারণ চিত্র। সহজ সরল নজর আলী একের পর এক লজিং থেকে বিতাড়িত হয়। নজরের সরলতাকে ব্যবহার করে গ্রামের অনেকেই। গ্রামের মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটার সময় নজর আলী গ্রাম ছেড়ে পাড়ি জমায় ঢাকায়। বনলতা সেন নামের একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর নজিরবিহীন এক গল্পে জড়িয়ে পড়ে নজর আলী। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। জাহিদ হাসান ছাড়াও নজিরবিহীন নজর আলী নাটকের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন সিদ্দিকুর রহমান, অহনা, শবনম পারভীন, তারিক স্বপন, রিফাত চৌধুরী, সঞ্জীব আহমেদ, মুনিরা মিঠু, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। জানা গেছে, নজিরবিহীন নজর আলী নাটকটি মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ।