নজরুল-আব্বাসউদ্দীন যৌথ সাধনার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বনামখ্যাত গণসংগীতশিল্পী শেখ লুৎফর রহমান সুর দিয়েছিলেন ‘বল বীর চির উন্নত মম শির’-এ। এক জন্মদিনে বিদ্রোহী কবি স্বয়ং শেখ লুৎফর রহমানের কণ্ঠে শুনেছিলেন গানটি। সেই মুহূর্তটি ধরে রেখেছিল ক্যামেরা। এমন অনেক দুর্লভ ছবি নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে চলছে এক আলোকচিত্র প্রদর্শনী। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির কাজী নজরুল ইসলাম-আব্বাসউদ্দীন আহমেদ গবেষণা ও অধ্যয়ন কেন্দ্রে এর উদ্বোধন অনুষ্ঠান হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-সংশ্লিষ্ট ৮০টি এবং সংগীতশিল্পী আব্বাসউদ্দীন-সংশ্লিষ্ট ৪৫টি আলোকচিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। যেখানে রয়েছে নজরুলের স্ত্রী প্রমীলা নজরুল, গিরিবালা, কানাইলাল শীল, দিলীপকুমার রায়, মোহাম্মদ আকরম খাঁ ও আব্বাসউদ্দীনের ছবি। এ উপলক্ষে প্রকাশিত অ্যালবামে রয়েছে আব্বাসউদ্দীনের বলরামপুর গ্রাম, গ্রামোফোন রেডিওতে তাঁর প্রথম গান গাওয়ার দিনের ছবি, জনসভায় গানের দৃশ্য। মোট ১২৫টি ছবি নিয়ে নজরুল-আব্বাসউদ্দীন স্মৃতিময় অ্যালবাম সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম-আব্বাসউদ্দীন আহমেদ গবেষণা ও অধ্যয়ন কেন্দ্রের জ্যেষ্ঠ রিসার্চ স্কলার সংগীত-ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী। তিনি বলেন, ‘আমি চাই, প্রতিটি শিক্ষার্থী মৌলিক অন্তত কয়েকটি গান যেন গাইতে পারেন। যেমন একটি ভাটিয়ালি, একটি ভাওয়াইয়া, নজরুলের “দুর্গম গিরি কান্তার মরু”।’ প্রদর্শনীর ছবিগুলো দেখতে দেখতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী নিশাত জাহান বললেন, ‘এমন আয়োজন সত্যিই আমাদের এ বিষয়ে জানতে-বুঝতে সহায়তা করে।’ নজরুল-আব্বাসউদ্দীন স্মৃতিময় অ্যালবাম বইটি প্রকাশ করেছে কোহিনূর পাবলিশার্স। প্রদর্শনী চলবে আগামী বুধবার পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত।চিত্রকর্মের অ্যালবামের মোড়ক উন্মোচনচিত্রকর্মের অ্যালবাম ঢাকার ৪০০ বছর-এর মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল রোববার। শেলেটক্ প্রকাশ করেছে অ্যালবামটি। গতকাল প্লাটিনাম স্যুটসের জিজি ব্যাংকুয়েট হলে এক প্রকাশনা অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন শিল্পী রফিকুন নবী, আবুুল বারক আলভী, শেলেটক্ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজসহ আরও অনেকে। এই অ্যালবামে রয়েছে ঢাকার ৪০০ বছরের ইতিহাসের বিভিন্ন সময়ের ছবি, যা বিষয়বৈচিত্র্যে ভরপুর।কবিতালাপ পুরস্কারকবিতাপ্রেমীদের সংগঠন কবিতালাপ কয়েকজন কবির হাতে তুলে দিয়েছে ‘কবিতালাপ পুরস্কার ২০১১’। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করা হয়েছে। এবারে কবিতালাপ পুরস্কার পেয়েছেন আটজন। পুরস্কারপ্রাপ্তরা হলেন: আবুবকর সিদ্দিক, আবদুল্লাহ আবু সায়ীদ, অসীম সাহা, শাহাবুদ্দীন নাগরী, কাজী রোজী, মনজুরুর রহমান, দুখু বাঙাল, মোহাম্মদ আবদুল মান্নান ও লিয়াকত আলী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, কবি বেলাল চৌধুরী, কবি রবিউল হুসাইন প্রমুখ।পুরস্কার গ্রহণের পর কবিরা একে একে তাঁদের অনুভূতি প্রকাশ করেন। এরপর অধ্যাপক আনিসুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘কবিতালাপ ৩২ বছর পূর্ণ করে ৩৩ বছরে পা দিয়েছে। তাঁরা যেভাবে কবিদের সম্মান জানিয়ে আসছে, তা প্রশংসনীয়।...কোনো পুরস্কারই কবিদের তৃপ্ত করতে পারে না, পুরস্কার পেয়ে যদি কবিরা তৃপ্ত হন, তাহলে তাঁদের কবিতা চর্চায় ভাটা পড়তে পারে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি কামাল মাহমুদ। গান শোনান শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান।