নজরুল উৎসব শেষ হলো
ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী নজরুল উৎসব শেষ হয়েছে গতকাল শনিবার।সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছিল সম্মেলক কণ্ঠের গান ‘দেশগৌড়-বিজয়ে দেবরাজ’ পরিবেশনা দিয়ে। এরপর শুরু হয় একক গানের পালা। অনুষ্ঠানে ‘সেদিন ছিল কি গোধূলি লগন’, ‘ফিরিয়া যদি সে আসে’, ‘বসিয়া বিজনে কেন একা মনে’, ‘আসিলে এ ভাঙ্গা ঘরে’, ‘আজি নাচে নটরাজ’, ‘চৈতালী চাঁদনী রাতে’, ‘কাছে আমার নাইবা এলে’—এসব গান পরিবেশিত হয়। শিল্পী ছিলেন নন্দিতা দত্ত, স্বর্ণা নাগ, মিতা পাল, সামিনা হোসেন, মইদুল ইসলাম, সৈয়দা সনজিদা জোহরা, দেবশ্রী অন্তরা দাশ, তানভীর আহমেদ, অনিন্দিতা চৌধুরী, আফসানা রুনা, মহুয়া মঞ্জুরী প্রমুখ।এ ছাড়া ‘পায়েল বাজে’ গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন সামিনা হোসেন এবং ‘মোর ঘুমঘোরে এলে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিক্ষার্থীরা।অতিথিশিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা, মো. ইয়াকুব আলী, এম এ মান্নান, মিতা পাল, বিজন রায় প্রমুখ। আবৃত্তি করেন মাহ্মুদা আখতার ও শোনান তাপস মজুমদার।