নজরুল একাডেমির উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনা, সংগীতের অ্যালবাম প্রকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির ১১৩তম জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার প্রকাশনার ৯০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের প্রথম দিন ছিল বিশিষ্ট শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর সংবর্ধনা। সংগীত সাধনায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার পাশাপাশি একাডেমি থেকে প্রকাশিত তানজিনা করিমের কে দুরন্ত বাজাও নামের কবির রাগপ্রধান গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠান শুরু হয়েছিল একাডেমির শিল্পীদের সমবেত কণ্ঠে ‘একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী’ গানটি দিয়ে। এরপর তাঁরা গেয়ে শোনান ‘বাজিছে দামামা বাজারে আমামা শির উঁচু করে মুসলমান’, ‘জাগো অনশন বন্দি ওঠরে যত’। অনুষ্ঠানে একক কণ্ঠে তাসমি বিনতে তারি ‘সবার কথা কইলে কবি এবার নিজের কথা কও’, সেতাব আহমেদ গেয়ে শোনায় ‘জনম জনম গেল আশা পথ চাহি’। শিল্পী রেবেকা সুলতানা পরিবেশন করেন ‘আবার ভালোবাসার সাধ জাগে’। সবশেষে সংবর্ধিত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবির পুত্রবধূ উমা কাজী। শুভেচ্ছা বক্তব্য দেন কবির নাতনি খিলখিল কাজী ও একাডেমির সংগীত বিভাগের অধ্যক্ষ খালিদ হোসেন। ‘নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশের নব্বই বছর’ বিষয়ে আলোচনা করেন একাডেমির গবেষণা সম্পাদক ম. মীজানুর রহমান। আর বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন সৈয়দ আবু জাফর আহমদ। মুস্তাফা জামান আব্বাসীর জীবনী ও মানপত্র পাঠ করেন একাডেমির নির্বাহী সদস্য শিল্পী নাশিদ কামাল। একাডেমির সভাপতি আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান।অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবারের আয়োজন বসবে মগবাজারের নজরুল একাডেমি মিলনায়তনে। সন্ধ্যাকালীন এ অনুষ্ঠানে একাডেমির শিল্পীরা সম্মেলক ও একক কণ্ঠের গান এবং নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানমালার শেষ দিন শুক্রবার সকালে থাকবে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পালা। বিকেলে একাডেমি মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠান হবে। এতে একাডেমির শিক্ষার্থীদের মানোন্নয়নমূলক অনুষ্ঠানের সঙ্গে থাকবে উন্মুক্ত নজরুলসংগীতের পরিবেশনা। আর সন্ধ্যায় হবে মাসিক নজরুল উৎসব। এতে বিশিষ্ট নজরুলসংগীত-শিল্পীদের সঙ্গে গান শোনাবেন একাডেমির শিল্পীরা।