নজরুল নিয়ে আলোচনা ও গান
‘আমার গানের মদির ছোঁয়ায়/গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়/সে গান শুনে প্রেম-দিওয়ানা/কবির আঁখি ছলছল।’ শুধু গোলাপ কুঁড়ি নয়, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের গান যুগে যুগে অগণিত মানুষের ঘুম ভাঙিয়েছে। বিচিত্র তাঁর গান। কখনো প্রেমের, কখনো দ্রোহের, কখনো বা আবার গানে গানে প্রকৃতির সৌন্দর্যে মগ্ন হয়েছিলেন কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জাতীয় জাদুঘর আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদের বিরুদ্ধে বিশ্ব আজ যেভাবে সোচ্চার, নজরুল বিশ শতকেই দৃঢ়ভাবে সেই প্রতিবাদ তুলেছিলেন। সে কারণে একুশ শতকেও তাঁর প্রাসঙ্গিকতা তাৎপর্যপূর্ণ। একক বক্তৃতায় অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম বলেন, কবি কাজী নজরুল ইসলাম জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতায় উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন।স্বাগত বক্তব্যে জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, ‘চির উন্নত মম শির’ এ প্রত্যয়ে বলীয়ান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের প্রতিটি অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। সভাপতিত্ব করেন জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী শাহীন সামাদ ‘উচাটনমন ঘরে রয়না’ ও ‘এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল’ এবং সুজিত মোস্তফা ‘গুঞ্জামালা গলে পুঞ্জে এসো হে কালা’, ‘মদির আঁখির সুধায় সাকি’সহ বিভিন্ন গান গেয়ে শোনান।রাজশাহীতে সাংস্কৃতিক উৎসবনিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, দেশজ সংস্কৃতির বিকাশ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার থেকে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শিশু একাডেমীতে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। কর্মসূচিতে সকালে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আদিবাসী নৃত্য ও তীর নিক্ষেপ প্রতিযোগিতা। বিকেলে কালেক্টরেট মাঠে ছিল কাবাডি ও লাঠিখেলা।সন্ধ্যায় শিশু একাডেমীতে রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখেতর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন ও বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকনৃত্য, লোকগীতি, কেচ্ছাকাহিনি, পদ্মপুরাণ ও আলকাপ গান পরিবেশিত হয়।