নজরুল পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল জাতীয় নাট্যশালায় নজরুল পুরস্কার ২০১৪ দেওয়া হয় l ছবি: প্রথম আলো
গতকাল জাতীয় নাট্যশালায় নজরুল পুরস্কার ২০১৪ দেওয়া হয় l ছবি: প্রথম আলো

‘যে বিদ্রোহের পেছনে সৃষ্টি থাকে, সেই বিদ্রোহের সঙ্গে উল্লাস থাকাটাই স্বাভাবিক। কাজী নজরুল ইসলাম আমাদের সবার বিদ্রোহকে উল্লাসে রূপ দিয়েছেন।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী ও ‘নজরুল পুরস্কার ২০১৪’ প্রদান অনুষ্ঠানে কথাগুলো বললেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমী।
এবার নজরুল পুরস্কার ২০১৪-তে ভূষিত হয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও শবনম মুশতারী। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘জয় বাংলা স্লোগানটি মূলত নজরুলের কাছ থেকেই নেওয়া। নজরুলকে জীবনে ধারণ করতে না পারলে বাংলাদেশ পূর্ণতা পাবে না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব বেগম আকতারী মমতাজ। কাজী নজরুল ইসলামকে নিয়ে একক আলোচনা করেন নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এ পুরস্কার অত্যন্ত গৌরবের। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের নাম। নজরুলের স্বতন্ত্রের মধ্যে আছে বহুমুখিতা।’
নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারী বলেন, ‘আমি এ দুর্লভ পুরস্কারের যোগ্য কি না জানি না। এর সঙ্গে মানুষের ভালোবাসা জড়িয়ে আছে বলে এটা গ্রহণ করলাম।’
আলোচনা ও পুরস্কার প্রদানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া একক গান পরিবেশন করেন বেশ কয়েকজন নজরুলসংগীতশিল্পী।