নজরুল মেলায় সম্মাননা গ্রহণ করলেন মুস্তাফা জামান আব্বাসী
১১৪তম নজরুলজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত অষ্টম নজরুল মেলায় এবার আজীবন সম্মাননায় ভূষিত হলেন দেশের প্রখ্যাত সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী। তাঁর হাতে সম্মাননা তুলে দিয়েছেন সংগীতজ্ঞ সুধীন দাশ, অধ্যাপক মুস্তফা নুরউল ইসলাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। চ্যানেল আই ভবন প্রাঙ্গণে ২৫ মে শনিবার বেলা ১১টা ১০ মিনিটে নানা রঙের ১১৪টি বেলুন উড়িয়ে নজরুল মেলার উদ্বোধন করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুধীন দাশ, অধ্যাপক মুস্তফা নুরউল ইসলাম, মুস্তাফা জামান আব্বাসী, আসমা আব্বাসী, ফরিদুর রেজা সাগর, জহিরউদ্দিন মাহমুদ মামুন, গাজী মাজহারুল আনোয়ার, রাশেদা কে চৌধূরী, নাশিদ কামাল, দিলীপ কুমার আগারওয়াল, ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, আলী ইমাম, হাবিবুর রহমান খান, আবদুল লতিফ বাচ্চু প্রমুখ। চ্যানেল আই সূত্রে জানা গেছে, মেলার উদ্বোধন শেষে মুস্তাফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা জানানো হয়। সম্মাননা হাতে নিয়ে মুস্তাফা জামান আব্বাসী বলেন, ‘চ্যানেল আই আমার পরিবার। এ প্রতিষ্ঠানের সব উদ্যোগ ভিন্নতা পেয়েছে। আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই।’ এ সময় ফরিদুর রেজা সাগর বলেন, ‘সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসীকে সম্মানিত করতে পেরে চ্যানেল আই পরিবার অত্যন্ত আনন্দিত বোধ করছে।’ সম্মাননা পর্বের শেষে খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা ও সুরসপ্তকের শিল্পীরা সমবেত কণ্ঠে নজরুলের একাধিক গান পরিবেশন করেন। মেলায় নজরুলকে নিয়ে ছবি আঁকেন আবদুল মান্নান, শহীদ কবির, রেজাউন নবী, বীরেন সোম, জহির উদ্দিন, জাহিদ ইকবাল, ফারজানা আহমেদ ঊর্মি প্রমুখ। মেলার একপর্যায়ে ফেরদৌস আরার ‘ভালোবাসায় নজরুল’ শিরোনামের অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকে। শিশুদের অংশগ্রহণে নাচ ও গানও পরিবেশিত হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল নজরুলের স্মৃতিবিজড়িত নানা সামগ্রীর প্রদর্শনী ও স্টল। মেলা পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু, উপস্থাপনা করেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। বেলা দুইটা পর্যন্ত মেলার সার্বিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই ও রেডিও ভূমি। এবারের নজরুল মেলার পৃষ্ঠপোষকতা করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড ও পূবালী ব্যাংক লিমিটেড। পৃষ্ঠপোষকতা করার জন্য ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের হাতে চ্যানেল আই সম্মাননা স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়েছে।