নজরুল মেলায় আজীবন সম্মাননা

বিকেলে জ্যৈষ্ঠের ঝড় বয়ে যাওয়ার পরে মঞ্চে এসেছিলেন ওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদ। গ্রহণ করলেন কবি কাজী নজরুলের নামে এবি ব্যাংক-চ্যানেল আইয়ের দেওয়া আজীবন সম্মাননা।
আজ বুধবার কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল মেলার উদ্বোধনে ৮৫ বছর বয়সী এ সংগীতজ্ঞকে সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারক ও চেক তুলে দেন চ্যানেল আইয়ের অন্যতম পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ও পরিচালনা পর্ষদের সদস্য জহির উদ্দিন মাহমুদ। উত্তরীয় পরিয়ে দেন মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব কনজিউমার ব্যাংকিং) সৈয়দ মিজানুর রহমান।
সম্মাননা গ্রহণ করে জুলহাস উদ্দিন আহমেদ বলেন, ‘এ সম্মান পেয়ে আমি অভিভূত ও আনন্দিত। নজরুলের ত্রিশ ধরনের গান আছে। আমাদের দুখু মিয়া অনেক দুঃখকষ্টে জীবন কাটিয়ে রেখে গেছেন তাঁর গান, গল্প ও কবিতার সম্ভার।’
শাইখ সিরাজ বলেন, ‘শিল্পী জুলহাস উদ্দিন আহমেদকে সম্মান জানাতে পেরে চ্যানেল আই গর্বিত।’
বৃষ্টির ভেতরেই তেজগাঁওয়ের চ্যানেল আই ভবন প্রাঙ্গণে অস্থায়ী মেলামঞ্চ থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন হয়। সেসময় চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান, কবি কাজী রোজী, চিত্রশিল্পী হাশেম খান, শিশুসাহিত্যিক আলী ইমাম, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, চলচ্চিত্র পরিচালক মতির রহমানসহ আরও অনেকে।
সাংষ্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয় চ্যানেল আই ভবনের স্টুডিওতে। সেখান থেকেই সরাসরি সম্প্রচার করা হয় প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে নজরুলের গান। শুরুতেই ‘মেঘ মেঘ বরষায়’ গানটি গেয়ে শোনান শাহিন সামাদ। এ ছাড়া আরও গান করেন শিল্পী খালিদ হোসেন, রাহাত আরা গীতি, রওনক আরা সোমা, শহীদ কবির পলাশ প্রমুখ। সম্মিলিত কণ্ঠে সংগীত পরিবেশন করেন সুর সপ্তক ও ব্র্যাক দ্বীপ শিখার শিল্পীরা। ছিল ‘অঞ্জলি লহ মোর’ গানের সঙ্গে শিশুদের নৃত্য। এ আয়োজনে বড়দের পাশাপাশি ছবি এঁকেছে শিশুরা।